চুয়াডাঙ্গায় ঠিকাদারকে হত্যা

লাশ
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কামাল হোসেন (৬০) নামের এক ঠিকাদারকে হত্যা করা করেছে। গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সীগঞ্জে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল আলিম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, জমিজমা নিয়ে বিরোধের কারণে এই খুনের ঘটনা ঘটতে পারে। সন্দেহভাজনদের ধরতে রাতেই অভিযান চালানো হয়েছে। তবে কাউকেই আটক করা যায়নি।

পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে কামাল হোসেন খাবার খেয়ে কাজ আছে বলে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ১১টার দিকে পথচারীরা একটি নার্সিং হোমের পাশে তাঁকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। খবর পেয়ে মুন্সীগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি নার্সিং হোমে নেন। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহসানুল হক প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কামাল হোসেনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। কামাল হোসেনকে যখন হাসপাতালে আনা হয়, তখন তাঁর ডান কান দিয়ে রক্ত পড়ছিল। দুই হাঁটুর নিচে ক্ষতচিহ্ন আছে, যেগুলো ধারালো অস্ত্র দিয়ে কোপানো বলে ধারণা করা হচ্ছে।