চুয়াডাঙ্গায় নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৃত্যু
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকায় নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় এক নির্মাণশ্রমিকসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে আনন্দধাম দাসপাড়ায় নৃপেন দাসের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামের আনসার আলীর ছেলে নির্মাণশ্রমিক শরিফুল ইসলাম (৩৫) ও পাবনার চাটমোহর রেলবাজার এলাকার রাজ কুমার দাসের ছেলে সাগর কুমার দাস (১৯)। সাগর বাড়ির মালিক নৃপেন দাসের নাতির ছেলে এবং স্থানীয় একটি ওয়ার্কশপের শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার সকাল পৌনে আটটার দিকে নির্মাণশ্রমিক শরিফুল ইসলাম বাড়িটির সিঁড়ির নিচে তৈরি সেপটিক ট্যাংকের সার্টার (বাঁশের খুঁটি ও কাঠ) খুলতে গিয়ে ভেতরে পড়ে যান। দীর্ঘক্ষণ শরিফুলের কোনো আওয়াজ না পাওয়ায় সাগর মই নিয়ে ভেতরে নামেন এবং তিনিও অসুস্থ হয়ে ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের দলনেতা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, স্মোক ইজেক্টার মেশিন দিয়ে সেপটিক ট্যাংকটির নিরাপত্তা নিশ্চিত করার পর আধা ঘণ্টার চেষ্টায় দুজনকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাঁদের হারদীস্থ আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মির্জা গালিব হোসেন দুজনকেই মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হাদী জিয়া উদ্দিন আহম্মেদ বলেন, সেপটিক ট্যাংক দীর্ঘদিন বন্ধ থাকায় সেখানে বিষাক্ত গ্যাস তৈরি হয়। মূলত গ্যাসের কারণে ওই দুজন মারা গেছেন।