চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মহিষবাহী লাটাহাম্বার (শ্যালো ইঞ্জিনচালিত ছোট ট্রাক) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আবু বক্কর (৫৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১টা ৫ মিনিটের দিকে উপজেলার পুড়াপাড়া এলাকায় চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবু বক্কর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গোগরা গ্রামের মৃত সিতাব উদ্দিনের ছেলে। ১৯৮৫ সালের ১৭ এপ্রিল তিনি পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। তাঁর সর্বশেষ কর্মস্থল ছিল দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প।

দুর্ঘটনার জন্য দায়ী লাটাহাম্বারচালককে আসামি করে মামলার প্রস্তুতি চলছে।


দুর্ঘটনাকবলিত লাটাহাম্বার জব্দ এবং এর চালক মো. রাজিব হাসানকে (২১) আটক করেছে দামুড়হুদা থানা-পুলিশ। ওই যুবক চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামের কোরবান আলীর ছেলে। পুলিশ জানায়, দুর্ঘটনার জন্য দায়ী লাটাহাম্বারচালককে আসামি করে মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ জানান, পুলিশ সদস্য মো. আবু বক্কর আজ চুয়াডাঙ্গা থানা চত্বরে অবস্থিত কমিউনিটি ব্যাংকের বুথ থেকে টাকা তুলে কার্পাসডাঙ্গা ফিরছিলেন। বেলা ১টা ৫ মিনিটের দিকে দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা মহিষবাহী একটি লাটাহাম্বার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে আবু বক্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান মৃত ঘোষণা করেন।