চুয়াডাঙ্গায় স্কুলছাত্র আবু হোরায়রা হত্যায় জড়িতদের ফাঁসি দাবি
চুয়াডাঙ্গায় তৃতীয় শ্রেণির ছাত্র আবু হোরায়রা (১১) হত্যায় জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন হয়েছে। মানবতা ফাউন্ডেশন নামের একটি সংগঠনের ব্যানারে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির ভবনের সামনের সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সভাপতি সেলিম উদ্দিন খান ও সাধারণ সম্পাদক তালিম হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও সুজনের সভাপতি সিদ্দিকুর রহমান, মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মানি খন্দকার, জ্যেষ্ঠ আইনজীবী কামরুল আরেফিন ও আবু হোরায়রার বাবা আবদুল বারেক বক্তব্য দেন।
বক্তারা স্কুলছাত্র আবু হোরায়রাকে তুলে নিয়ে খুন, লাশ গুম ও মুক্তিপণ দাবির ঘটনায় আদালতে স্বীকারোক্তি দেওয়া আসামি আবদুল মোমিনসহ জড়িত ব্যক্তিদের ফাঁসির দাবি জানান।
পুলিশ জানায়, আবু হোরায়রা চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের কৃষক আবদুল বারেকের একমাত্র ছেলে। সে ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। গত ১৯ জানুয়ারি পাশের বাড়িতে প্রাইভেট পড়তে গিয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় হোরায়রার বাবা বাদী হয়ে প্রথমে সদর থানায় জিডি ও পরবর্তীতে ২৫ জানুয়ারি প্রাইভেট শিক্ষক মো. রঞ্জু ও তাঁর ভাই মো. মঞ্জুসহ পাঁচজনকে আসামি করে নিয়মিত মামলা করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ প্রতিবেশী শহিদুল ইসলামের ছেলে আবদুল মোমিনকে গ্রেপ্তার করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তালতলা গ্রামের কবরস্থান থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাতে হোরায়রার লাশ উদ্ধার করে।