চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে অপহরণের মামলায় যুবক গ্রেপ্তার
চুয়াডাঙ্গা সদর উপজেলায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় ওই স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম আকাশ হোসেন (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার আকাশ হোসেনকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে অপহরণের শিকার ওই স্কুলছাত্রীর জবানবন্দি নেওয়া হবে এবং সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
ওই স্কুলছাত্রীর পরিবারের দাবি, গত ৬ ফেব্রুয়ারি করোনার টিকা দিতে যাওয়ার পথে আকাশ হোসেন ওই স্কুলছাত্রীকে অপহরণ করেন। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা আকাশ হোসেনসহ পাঁচজনকে আসামি করে দর্শনা থানায় অপহরণের মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি সকালে ওই স্কুলছাত্রী চুয়াডাঙ্গা শহরে একটি বিদ্যালয়ে করোনার টিকা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় ওই ছাত্রীর পথ রোধ করে আকাশ হোসেন ও তাঁর লোকজন ওই স্কুলছাত্রীকে মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যান। অপহরণের আগে আকাশ ও তাঁর বন্ধুরা ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ করা হয়েছে।
তবে গ্রেপ্তার আকাশের বাবা মিলন হোসেনের দাবি, তাঁর ছেলের সঙ্গে ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। ওই স্কুলছাত্রী স্বেচ্ছায় আকাশের কাছে এসেছে। মিথ্যা অপহরণের মামলা দিয়ে আকাশকে হয়রানি করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
দর্শনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুল কবীর বলেন, গ্রেপ্তার আসামি ও তাঁর পরিবারের দাবি, বিষয়টি প্রেমঘটিত। তবে ওই ছাত্রীর বয়স ১৮ বছরের কম হওয়ায় দেশের প্রচলিত আইন অনুযায়ী তাঁর অভিভাবকের অভিযোগকে গুরুত্ব দিতেই অপহরণের মামলা নেওয়া হয়েছে।