চুয়াডাঙ্গায় হামলায় দুজন আহত
চুয়াডাঙ্গা পৌর এলাকায় ‘থার্টিফার্স্ট নাইট’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাচগানের সময় হামলায় পারভেজ হোসেন (২০) ও জিসান আহমেদ (১৮) নামে দুই তরুণ আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়া বটতলায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় পুলিশ রাজন নামে একজনকে আটক করেছে।
আহত পারভেজ ৫ নম্বর ওয়ার্ডের ইসলামপাড়ার মৃত আবদুল আজিজের ও জিসান একই পাড়ার টগর হোসেনের ছেলে। পেশায় তাঁরা দোকান কর্মচারী। ঘটনার রাতেই আহত পারভেজকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জিসানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ২০২০ সালকে বিদায় এবং ২০২১ সালকে বরণ করতে স্থানীয় তরুণ ও যুবকেরা মিলে ইসলামপাড়া বটতলায় ‘থার্টিফার্স্ট নাইট’ উদযাপনের আয়োজন করে। সন্ধ্যারাত থেকেই চলে গানবাজনা, নাচ ও আড্ডা। এসব চলার সময় আকস্মিকভাবে কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে পারভেজ ও জিসানকে কুপিয়ে জখম করে। আহত দুজন পুলিশের কাছে হামলাকারীদের নামধাম জানিয়েছেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাকিল আরসালান জানান, পারভেজ ও জিসানের পিঠ, হাতসহ পুরো শরীরে অসংখ্য কোপানোর দাগ রয়েছে। অবস্থা সংকটাপন্ন হওয়ায় দুজনকেই মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, হামলাকারীদের পরিচয় পাওয়া গেছে। তাঁদের ধরতে অভিযান চলছে।