চুয়াডাঙ্গায় ৬ পুলিশসহ আরও ১০ জনের করোনা শনাক্ত

চুয়াডাঙ্গার দর্শনা থানার ৬ পুলিশ সদস্যসহ আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১২৩ জনে। আজ রোববার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান বলেন, করোনায় আক্রান্ত নতুন ১০ জনের মধ্যে দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাহবুবুর রহমান, ২ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ২ জন কনস্টেবল ও থানার রাঁধুনি রয়েছেন। বাকি তিনজনের মধ্যে আলমডাঙ্গার দুজন ও চুয়াডাঙ্গা সদরের একজন রয়েছেন। এই তিনজনই ঢাকা-নারায়ণগঞ্জ থেকে এলাকায় ফিরেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৯ মে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাব্বুর রহমান প্রথম করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এরপর উপপরিদর্শক ও কনস্টেবল মিলে সাতজন এবং একজন কনস্টবলের স্ত্রী করোনায় আক্রান্ত হন। দর্শনা থানাসংশ্লিষ্ট ১৬ জন করোনা পজিটিভ বলে শনাক্ত হয়েছেন।