চেক জালিয়াতি, অগ্রণী ব্যাংকের ৪ কর্মকর্তার বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকের চেক জালিয়াতির অভিযোগে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে অগ্রণী ব্যাংক শাখার চার কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গ্রাহক ঋণের টাকা পরিশোধের পরও ব্যাংকের ওই কর্মকর্তারা চেক জালিয়াতি করেছিলেন বলে দোষী সাব্যস্ত করেছেন আদালত।


ওই চার কর্মকর্তা হলেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা কামরুল হাসান, হিরণ্ময় দাস, প্রিন্সিপাল অফিসার মো. ফরিদ উদ্দিন এবং উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মো. সাইফুল ইসলাম।


১৮ আগস্ট সিলেটের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) বজলুর রহমান এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, অগ্রণী ব্যাংক থেকে হক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ব্যবসায়ী আবদুল আজিজ ২০১০ সালে দুই লাখ টাকা ঋণ নেন। পরবর্তীকালে তিনি ব্যাংকঋণের টাকা ২০টি কিস্তিতে নগদে পরিশোধ করে দেন। কিন্তু ব্যাংকে ঋণের বিপরীতে জমা থাকা ৭ হাজার টাকার একটি চেক ব্যাংক কর্তৃপক্ষ জালিয়াতি করে ১ লাখ ৭০ হাজার টাকা লিখে প্রত্যাখ্যান (ডিজঅনার) করিয়ে ২০১৪ সালের ১৭ জুলাই সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে মামলা করেন।


পরবর্তী সময়ে ওই মামলায় আবদুল আজিজকে দোষী সাব্যস্ত করে সিলেটের যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ করিম এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ ৭০ হাজার টাকার দ্বিগুণ ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেন। আদালতের এই রায়ের বিরুদ্ধে আবদুল আজিজ সিলেটের জেলা জজ আদালতে আপিল করেন। আপিল মামলাটি বিচারের জন্য সিলেটের অতিরিক্ত জেলা জজ তৃতীয় আদালতে স্থানান্তরিত হয়।

অভিযোগ ওঠে, আপিল মামলা চলার সময় ব্যাংক কর্তৃপক্ষ ওই গ্রাহকের হিসাব থেকে ব্যাংকে এক লাখ টাকা জমা দিয়ে আদালতের কাছে দাবি করেন, আবদুল আজিজের কাছ থেকে এক লাখ টাকা পাওয়া গেছে। বকেয়া টাকাগুলো পাওয়ার পর আপিল নিষ্পত্তি হয়ে যাবে।


ব্যবসায়ী আবদুল আজিজের আইনজীবী রফিক আহমদ প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকের এমন দাবির পরিপ্রেক্ষিতে আমি চ্যালেঞ্জ করেছিলাম, আমার মক্কেল কোনো টাকা দেননি বা তাঁর কাছে ব্যাংকের কোনো পাওনাও নেই। এতে আদালতের বিচারক ব্যাংকে জমা হওয়া এক লাখ টাকার জমা দেওয়ার স্লিপ আদালতে প্রদর্শনের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ সেটি প্রদর্শন করেনি। পরে আদালত আসামি আবদুল আজিজকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।’

আইনজীবী রফিক আহমদ আরও বলেন, মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে চেক জালিয়াতির মাধ্যমে গ্রাহক হয়রানির অভিযোগ এনে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছিলাম। আবেদনটি সিলেটের অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোছাম্মৎ রোকশানা বেগম হ্যাপি মঞ্জুর করেন। ব্যাংক কর্মকতাদের এই জালিয়াতির ঘটনা দণ্ডবিধির ৪৬৫ ও ৪৬৭ ধারার অপরাধ এবং দুদকের এখতিয়ারভুক্ত হওয়ায় আবেদনটি সিলেটের স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) বজলুর রহমান ১৮ আগস্ট অগ্রণী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন।