যশোর শিক্ষা বোর্ডের আড়াই কোটি টাকা আত্মসাতের মামলার অভিযুক্ত হিসাব সহকারী আবদুস সালাম আরও ১৫ লাখ ৯৮ হাজার টাকা ফেরত দিয়েছেন। দুদকে মামলা হওয়ার পর গতকাল বৃহস্পতিবার ডাকযোগে পে-অর্ডারের মাধ্যমে তিনি এই টাকা ফেরত দেন। এর আগে ১১ অক্টোবর তিনি একই ভাবে ১৫ লাখ ৪২ হাজার টাকা ফেরত দেন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে যশোর শিক্ষা বোর্ড থেকে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য আয়কর ও ভ্যাট বাবদ নয়টি চেক সরবরাহ করা হয়। এ টাকার জন্য সাতটি চেক জালিয়াতি করে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের নামের একটি প্রতিষ্ঠান ১ কোটি ৮৯ লাখ ১২ হাজার ১০ টাকা এবং শাহী লাল স্টোরের নামে দুটি চেকে ৬১ লাখ ৩২ হাজার টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়।
৭ অক্টোবর বোর্ডের অভ্যন্তরীণ তদন্তে বিষয়টি প্রকাশ পায়। এ ঘটনায় বোর্ডের চেয়ারম্যান ওই দিনই কলেজ পরিদর্শক কে এম রব্বানীকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
চেক জালিয়াতি করে আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল বাদী হয়ে ১০ অক্টোবর মামলা করেন। ওই মামলার আসামিরা হলেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোল্লা আমীর হোসেন, সচিব এ এম এইচ আলী আর রেজা, হিসাব সহকারী আবদুস সালাম, ঠিকাদারি প্রতিষ্ঠান ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক শরিফুল ইসলাম এবং শাহী লাল স্টোরের মালিক আশরাফুল আলম।
দুদকে মামলা হওয়ার পর চেক জালিয়াতি চক্রের সদস্য পলাতক হিসাব সহকারী আবদুস সালাম নিজেই এ ঘটনার সঙ্গে জড়িত দাবি করে আত্মসাতের টাকা ফেরত দেওয়া শুরু করেন।
১১ অক্টোবর তিনি ১৫ লাখ ৪২ হাজার টাকা এবং বৃহস্পতিবার ডাকযোগে পে-অর্ডারের মাধ্যমে আরও ১৫ লাখ ৯৮ হাজার টাকা ফেরত দেন। পলাতক থেকে তিনি এই টাকা ফেরত দিচ্ছেন।
মামলা হওয়ার পরও কোনো আসামি আটক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। আসামিরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। তাঁরা মামলা থেকে বাঁচতে তদবিরে ব্যস্ত সময় পার করছেন।
এ বিষয়ে দুদক যশোর কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত জানান, ‘আমরা প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় পাঁচজনকে আসামি করে মামলা করেছি। দুদকের কেন্দ্রীয় কার্যালয় থেকে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আত্মসাৎ হওয়া টাকা শেষ পর্যন্ত কার কাছে গিয়েছিল, তা খুঁজে বের করা হবে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র সাংবাদিকদের জানান, হিসাব সহকারী আবদুস সালাম টাকা ফেরত দিয়েছেন।