চেক প্রত্যাখ্যান মামলার আসামিদের জামিন ভুয়া ব্যাংক চালানে
চেক প্রত্যাখ্যানের দুটি আলাদা মামলায় আদালত থেকে দণ্ড পেয়েছিলেন দুই ব্যক্তি। দুজনেরই এক বছরের কারাদণ্ড ও চেকে উল্লিখিত সমপরিমাণ টাকা জরিমানা করা হয়েছিল। নিয়ম অনুযায়ী এই দুই আসামির আইনজীবীরা চেকের অর্ধেক টাকা ব্যাংক চালানের মাধ্যমে আদালতে জমা দেন। ফলে জামিনে মুক্তি পান দুজনই। পরে দেখা যায়, আদালতে জমা দেওয়া চালান দুটির বিপরীতে ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকাই জমা হয়নি, অর্থাৎ চালান দুটি ভুয়া।
ঘটনাটি জয়পুরহাটের। চেক প্রত্যাখ্যান মামলায় সাজা পাওয়া ওই দুই ব্যক্তির নাম আরমান হাবিব ও সোহেল রানা। আরমানের আইনজীবীর নাম রেজাউল করিম আর সোহেলের আইনজীবী আনিছুর রহমান। জয়পুরহাট আদালতে জমা দেওয়া ভুয়া দুটি চালানে এই দুই আইনজীবীর স্বাক্ষর ছিল। ফলে দায় এড়াতে তৎপর হয়েছেন তাঁরা। আনিছুর রহমান ইতিমধ্যেই মক্কেল সোহেল রানাসহ তাঁর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ সোহেল রানার ভাইকে গ্রেপ্তার করেছে।
সংশ্লিষ্ট আদালত ও আইনজীবী সমিতির সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আরমান হাবিব ৩০ লাখ টাকা চেক প্রত্যাখ্যানের একটি মামলায় কারাগারে ছিলেন। আর সোহেল রানা কারাগারে ছিলেন ২৮ লাখ ১৬ হাজার টাকা চেক প্রত্যাখ্যানের মামলা। গত বছরের ১১ নভেম্বর আরমানের আইনজীবী রেজাউল করিম জরিমানার অর্ধেক ১৫ লাখ টাকা জমার সোনালী ব্যাংকের একটি চালান অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে জমা দেন। এর পরদিনই জামিন পান আরমান। আর ২৭ নভেম্বর সোহেল রানার আইনজীবী আনিছুর রহমান তাঁর মক্কেলের জরিমানার অর্ধেকের ১৪ লাখ ৮ হাজার টাকার সোনালী ব্যাংকের চালান আদালতে জমা দেন। এর পরদিন সোহেল রানাও জামিনে কারামুক্তি পান। চলতি বছরের জানুয়ারিতে এই দুই আইনজীবী আদালত ও ব্যাংকে খোঁজ নিয়ে জানতে পারেন, ব্যাংক চালান দুটির বিপরীতে কোনো টাকাই জমা দেওয়া হয়নি। এরপরই তৎপর হন দুই আইনজীবী।
আসামি সোহেল রানার ভাবি নাছিমা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার দেবর চেকের মামলায় কারাগারে ছিলেন। তখন আইনজীবী আনিছুর রহমান ও মুহুরি আজিজার রহমান আমার দেবরকে জামিন করানোর জন্য আমাদের সঙ্গে ১ লাখ ৭০ হাজার টাকার চুক্তি করেন। আমরা চুক্তিকৃত টাকা দিয়েছি। ১৪ লাখ ৮ হাজার টাকার ব্যাংক চালানের কথা আমরা জানি না। আইনজীবী নিজের দায় এড়াতে আমার স্বামী ও ননদের বিরুদ্ধে মামলা করেছেন।’
দুই আইনজীবী রেজাউল করিম ও আনিছুর রহমান বলেন, মুহুরি ও মক্কেলের স্বজনেরা ব্যাংকে টাকা জমা দেওয়ার চালান এনে দিয়েছেন। তাঁদের প্রতি সরল বিশ্বাসে তাঁরা চালানে স্বাক্ষর করেছেন। চালানে সোনালী ব্যাংকের সিল ও কর্মকর্তার স্বাক্ষর ছিল। অবিশ্বাস করার মতো কোনো সূত্র ছিল না। ব্যাংকের চালান জালিয়াতির সঙ্গে তাঁরা কেউ জড়িত নন বলে দাবি করেন।
আইনজীবী আনিছুরের মুহুরি আজিজার রহমান বলেন, ‘যে আইনজীবীরা জামিন করিয়েছেন, তাঁরাই ব্যাংক চালান আদালতে জমা দিয়েছেন। মুহুরি হিসেবে আইনজীবীদের লেখালেখির কাজে সহযোগিতা করেছি। কে ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়েছে, সেটি জানি না।’
জয়পুরহাট দ্বিতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তাদার আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, আইনজীবী নিজেই ব্যাংকে টাকা জমা দিয়েছেন বলে চালানে স্বাক্ষর করেছেন। সেটি যদি ভুয়া ব্যাংক চালান হয়, তাহলে তার দায়-দায়িত্ব আইনজীবীরই। তিনি জানান, এ দুই ঘটনায় আসামিদের জামিন বাতিল হয়েছে। ব্যাংক থেকে প্রত্যয়ন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।