চেক প্রত্যাখ্যানের মামলায় আওয়ামী লীগ ‘নেত্রী’ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

চেক প্রত্যাখ্যানের মামলায় এক আওয়ামী লীগ ‘নেত্রীকে’ কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁর নাম ববিতা বড়ুয়া। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী হিসেবে পরিচিত।

সোমবার চতুর্থ যুগ্ম চট্টগ্রাম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সকালে চট্টগ্রাম নগরের লাভলেন এলাকা থেকে ববিতা বড়ুয়াকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, চেক প্রত্যাখ্যানের তিনটি মামলায় সাজা পরোয়ানা রয়েছে ববিতা বড়ুয়ার বিরুদ্ধে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে। আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, জেলার লোহাগাড়া উপজেলার ‌রুপম বড়ুয়া নামে এক ব্যক্তি ২০১৯ সালে ছয় লাখ টাকার চেক প্রত্যাখ্যানের অভিযোগে ববিতা বড়ুয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেন। গত জানুয়ারি মাসে আদালত এই মামলায় তাঁকে নয় মাসের কারাদণ্ড এবং ছয় লাখ টাকা জরিমানা করেন। এ ছাড়া আরও দুটি চেক প্রত্যাখ্যানের মামলায় সাজা হয়েছে ববিতা বড়ুয়ার বিরুদ্ধে। তিনি বৌদ্ধ ধর্মীয় কেন্দ্রীয় কল্যাণ ট্রাস্টের কোষাধ্যক্ষ।