চেঙ্গের খালে অন্য রকম ‘নাও দৌড়ানি’
‘সুজন বন্ধুরে, আরে ও-বন্ধু/ গাঙে নয়া পানি/ আমার কি আর সাধ ছিল না/ খেলতাম নাও দৌড়ানি/ সুজন বন্ধুরে...।’ ‘সুজনবন্ধু’খ্যাত সিলেটের গীতিকবি শফিকুন নূরের গানের এই চরণে হাওর কিংবা নদীতে নৌকাবাইচের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। গানের কথায় আছে বিরহ-বেদনাকাল। তেমনই করোনাকালে বাইচের আয়োজন না হওয়া যে সেই বিরহ-বেদনারই মতো।
সিলেট শহরতলির চেঙ্গের খালে প্রতিবছর বর্ষাকালজুড়ে চলত নৌকাবাইচের হরেক আয়োজন। কিন্তু করোনাকালে গেল বর্ষা মৌসুমে কোনো নৌকাবাইচ হয়নি। এক বছর বিরতি দিয়ে এবারের বর্ষাকালের শুরুটা ছিল একই রকম। তবে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে দেখে আজ বৃহস্পতিবার বিকেলবেলা সংক্ষিপ্ত এক আয়োজন হয় ‘নাও দৌড়ানি’। জনসমাগম এড়িয়ে জল-ডাঙার এই আয়োজনে যেন ঘুচল চেঙ্গের খালে নাও দৌড়ানির এক মৌসুমের বিরতি।
সিলেট অঞ্চলে নৌকাবাইচ ‘নাও দৌড়ানি’ নামে পরিচিত। বিস্তৃত হাওর, নদী ও খালে বর্ষাকালের অন্তত তিন মাস থাকে নৌকাবাইচের নানা আয়োজন। কোথাও ‘নাও দৌড়ানি’ আবার কোথাও বড় পরিসরে উৎসবমুখর নৌকাবাইচে প্রশিক্ষিতদের নিয়ে চলে এ আয়োজন। সিলেটের প্রধান নদী সুরমায় সর্বশেষ ২০১৪ সালের বর্ষায় হয়েছিল সর্বশেষ নৌকাবাইচ। নৌকাবাইচের জন্য বাংলাদেশের জাতীয় ফেডারেশন বাংলাদেশ রোয়িং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে সেই নৌকাবাইচের পর আর আয়োজন হয়নি। তবে সুরমায় না হলেও চেঙ্গের খালে বর্ষায় একাধিক আয়োজন হয়েছে।
বর্ষার শুরুতে চেঙ্গের খাল তীরের বসতি এলাকা কান্দিগাঁওয়ে বাইচের নৌকা সাজানোর কাজ চলে। একই সময় নৌকার হাটে গেলেই খোঁজ মিলে নাও দৌড়ানি নৌকার। ময়ূরপঙ্খি, উড়ালপঙ্খি, পঙ্খিরাজ, জলরাজ, জলপবন নানা বাহারি নামে বাইচের নৌকার প্রচলন রয়েছে। এর মধ্যে সবচেয়ে দামি নৌকা ‘ময়ূরপঙ্খি’। প্রায় ৮০ থেকে ৭০ ফুট দৈর্ঘ্যের এ নৌকার সামনের ভাগে কাঠের তৈরি ময়ূরের মুখচ্ছবির কারুকাজ থাকে। বেশির ভাগ ক্রেতাই নৌকা তৈরির কারিগরকে আগাম বায়না দিয়ে পছন্দসই বাইচের নৌকা বানিয়ে নেন। সেগুলো নৌকার হাটে তোলা হয় না। এসব নৌকা নিয়ে চেঙ্গের খালে নাও দৌড়ানি হয়েছে।
সিলেট নগরীর উত্তর-পূর্ব ও পশ্চিম দিক দিয়ে প্রবাহিত চেঙ্গের খাল। হাওর ও সীমান্তের নদ-নদীর সঙ্গে সংযুক্ত হয়ে চেঙ্গের খাল মিলিত হয়েছে সুরমা নদীতে। সিলেট শহরতলির বাদাঘাট এলাকায় চেঙ্গের খালে প্রতিবছর বর্ষাকালে একাধিক আয়োজন হয় নাও দৌড়ানির। করোনা পরিস্থিতির জন্য এক বছর বিরতি দিয়ে বৃহস্পতিবারের আয়োজনটি ছিল অনেকটা প্রথা রক্ষার।
আয়োজকেরা বলেছেন, এক সপ্তাহ আগে ‘বিরাট নৌকাবাইচ প্রতিযোগিতা’ নামে প্রচারপত্র বিলি করে আজ দুপুরে ১২টি বাইচের নৌকা তালিকাভুক্ত হয়। চেঙ্গের খালের পশ্চিম বাদাঘাটের ‘বাখ’ এলাকায় জড়ো হয় নৌকাগুলো। বেলা তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আটটি নৌকা বাইচে অংশ নেয়। জলে ঢেউ তোলা নাও দৌড়ানি দেখতে তখন তীরের বাসিন্দাদের উন্মুখ দৃষ্টি চেঙ্গের খালে। একটানা আড়াই ঘণ্টা নাও দৌড়ানি শেষে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করে সমাপ্ত করা হয় আয়োজনের।
২৫ সদস্যবিশিষ্ট নৌকাবাইচ কমিটির সাধারণ সম্পাদক হায়দার আলী বাইচ চলাকালে একটি প্রচারপত্র ধরিয়ে দেন। তাতে লেখা করোনার জন্য কিছু বিধিনিষেধ। কোনো নৌকাতে মাইক বাজাতে পারবেন না, ছোট নৌকা ছাড়া অন্য কোনো নৌকা দিয়ে চেঙ্গের খালে চলাচল করা যাবে না, বাইচ চলাকালে শুধু তীরে অবস্থান করা যাবে। নাও দৌড়ানি চলাকালে দেখা গেছে, কমিটির লোকজন তাঁদের প্রচার করা বিধি মেনে চলতে পুরো আড়াই ঘণ্টা সচেতন ও সতর্ক ছিলেন। হায়দার বলেন, ‘যেখানে প্রতি বছর শ শ নৌকা নিয়ে নাও দৌড়ানি চলত, আয়োজন করা হতো একাধিক প্রতিযোগিতার, সেখানে এক আয়োজনেই শেষ করা হয়েছে নাও দৌড়ানি। করোনার জন্য এটি বলা যেতে পারে প্রথা রক্ষা করা।’
গ্রামীণ এ রকম বিনোদনমূলক আয়োজনে মানুষের মনোবল চাঙা হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ও জনস্বাস্থ্যবিদ আহমেদ পারভেজ জাবীন। তবে তিনি মনে করিয়ে দেন, করোনা কিন্তু বিদায় নেয়নি। এ জন্য জনজীবনের সব ক্ষেত্রে সতর্কতা অবলম্বন জরুরি। আবার মানুষের মনোবল চাঙা রাখার দিকেও নজর রাখতে হবে। এককথায় স্বাস্থ্য সচেতনতার দিকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখা চাই।