চেঙ্গেরখালের পর এবার চাঁদাবাজি ধলাই নদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদাবাজি মামলার আসামি ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াদুদ ওরফে আলফু মিয়া
সংগৃহীত

সিলেট সদরের চেঙ্গেরখালে চাঁদাবাজির কৌশল অনুসরণ করে নৌযান থেকে টাকা আদায় করা হচ্ছে কোম্পানীগঞ্জের ধলাই নদে। এতে জড়িত থাকার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে। নদে বাঁশের খুঁটি পুঁতে চলছে এই চাঁদাবাজি।

ধলাই নদে চাঁদাবাজির অভিযোগে গত শুক্রবার কোম্পানীগঞ্জ থানায় মামলা করেন ভোলাগঞ্জ গ্রামের আব্বাস আলী। এতে আসামি করা হয় উপজেলার তেলিখাল ইউপির চেয়ারম্যান আবদুল ওয়াদুদ ওরফে আলফু মিয়াকে। ওয়াদুদ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

এর আগে ২০১৯ সালের ২০ অক্টোবর সিলেট সদরের জালালাবাদ ইউপির চেয়ারম্যান মনফর আলীকে গ্রেপ্তারের পর থেকে চেঙ্গেরখালে চাঁদাবাজি বন্ধ হয়। এই খালেও বাঁশের খুঁটি পুঁতে চাঁদাবাজি করা হতো।

ধলাই নদে চাঁদাবাজির মামলার তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম।

মামলায় বাদী আব্বাস আলী জানান, তিনি ধলাই নদের একটি বালুমহালের ইজারাদারির অংশীদার। নদে পানি বাড়ায় ১ জুন থেকে নৌপথে বালু পরিবহন শুরু হয়। ৪ জুন বালুবাহী নৌযান আটকে চাঁদা দাবি করেন ইউপি চেয়ারম্যান আলফু মিয়ার লোকজন। তাঁরা ইউনিয়ন পরিষদ এলাকার বাইরে খুঁটি পুঁতে তা নিজেদের ‘ঘাট’ বলে চিহ্নিত করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আলফু মিয়াও সেখানে উপস্থিত হয়ে শ্রমিকদের মারধর করে বালুবাহী নৌযান ফিরিয়ে দেন।

কোম্পানীগঞ্জ থানায় ওই মামলার পর চাঁদাবাজির বিষয়ে কথা হয় ধলাই সেতু এলাকার কয়েক বাসিন্দা ও বালু বহনকারী শ্রমিকের সঙ্গে। তাঁরা জানান, আলফু মিয়ার লোকজন ওই এলাকায় ‘আলফু বাহিনী’ হিসেবে পরিচিত। ধলাই নদের সঙ্গে সংযোগ হওয়া সিলেট সদরের চেঙ্গেরখালে যে কৌশলে চাঁদাবাজি করা হতো, আলফু মিয়ার লোকজনও সে কৌশলে চাঁদাবাজি করেন। তাঁদের একেক ঘাটে বালুবাহী নৌযানভেদে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়। এ টাকা না দিলে নৌযান আটকে রাখা হয়।

ধলাই নদ ছাড়াও সিলেটে বর্ষকালে নৌপথে বালুবাহী নৌযান চলাচল করে গোয়াইনঘাট উপজেলার গোয়াইন নদ দিয়ে। এসব নৌযানগুলোর কেন্দ্রস্থল সিলেট, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা মোহনার হাট সালুটিকর।

বালু ব্যবসায়ী ও শ্রমিকেরা বলছেন, গোয়াইন, ধলাই নদ ছাড়াও চেঙ্গেরখালের সালুটিকর অংশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে আলফু মিয়ার লোকজনের উপস্থিতি আছে। তাঁরা চলাচল করতে গিয়ে দাপটের সঙ্গে নিজেদের ‘আলফুর মিয়ার লোক’ বলে পরিচয় দেন।

তবে আলফু মিয়া বলেন, এসব লোক তাঁর বালু ব্যবসায়ী। পুরো থানায় তাঁর ব্যবসায়ীরা আছেন। তাঁরা অন্যায়–অবিচারের প্রতিবাদ করতে তাঁকে ডাকেন। তখন তিনিও যান প্রতিবাদ করতে।

চাঁদাবাজির মামলা প্রসঙ্গে আলফু মিয়া বলেন, এটা মিথ্যা অভিযোগ। ধলাই সেতুর ওপারে (তেলিখাল ইউপির বাইরে) কিছু লোক বালু ট্রাকে তুলতে বাধা দেন। তাঁর লোক সেখানে গেলে পরে তিনিও যান। প্রতিবাদ করতে গিয়ে কিছু ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। পরে মামলা করা হয়েছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, চাঁদাবাজির মামলা হওয়ার পর আলফু মিয়ার বিরুদ্ধে পুরোনো মামলা কী আছে, তা অনুসন্ধান করছে পুলিশের একটি বিশেষ দল। কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী এক যুবলীগ নেতা, দক্ষিণ সুরমা থানায় গুলি করে হত্যাসহ একাধিক মামলায় আলফু মিয়ার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল বলেন, আলফু মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে বিভিন্ন মাধ্যমে জেনেছেন। থানার পুলিশও খোঁজখবর নিচ্ছে। তবে এ পর্যন্ত কোম্পানীগঞ্জ থানায় আলফুর বিরুদ্ধে একটি হত্যা মামলা পাওয়া গেছে। মামলাটি বিচারাধীন। আলফু মিয়া জামিনে আছেন।