চেনা পরিবেশে ফিরে গেল খাঁচাবন্দী উল্লুক
ঠিক যেন আপন ঠিকানায় ফিরে যাওয়া। বহুদিন ধরে খাঁচায় বন্দী ছিল উল্লুকটি। অবশেষে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে উল্লুকটি ফিরে গেল সবুজ পরিবেশে। গতকাল শুক্রবার বিকেলে উল্লুকটিকে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়া এলাকায় মুক্ত করে দেওয়া হয়।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, সাতক্ষীরার একটি ব্যক্তিগত চিড়িয়াখানায় আরও কয়েকটি বন্য প্রাণীর সঙ্গে উল্লুকটিকে খাঁচায় বন্দী করে রাখা হয়েছিল। ৪ নভেম্বর বাংলাদেশ বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট ওই চিড়িয়াখানায় অভিযান চালিয়ে উল্লুকসহ অন্যান্য প্রাণীগুলোকে উদ্ধার করে। পরে উল্লুকটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে রাখা হয়েছিল। সেখানে কয়েক দিন পর্যবেক্ষণের পর উল্লুকটিকে বনে ছেড়ে দেওয়া হয়েছে।
এ সময় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীসহ বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তাঁরা জানান, মুক্ত পরিবেশ ফিরে পেয়ে অনেকক্ষণ ধরে আনন্দ প্রকাশ করে উল্লুকটি। এ সময় উল্লুকটি চিৎকার করে রেসকিউ সেন্টারের আশপাশের এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে বেড়ায়।
মো. রেজাউল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, উল্লুকটি শারীরিকভাবে সুস্থ থাকায় তাকে উদ্ধারের পরে লাউয়াছড়াতে ছেড়ে দেওয়া হয়েছে। ছাড়ার পরও উল্লুকটি অনেকক্ষণ আশপাশেই ছিল। লাউয়াছড়ায় প্রায় ৪০টি উল্লুক আছে। ওদের সঙ্গে সে দ্রুতই মিশে যাবে।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণবিষয়ক সংঘ (আইইউসিএন) বাংলাদেশের লাল তালিকা অনুযায়ী উল্লুক বাংলাদেশে মহাবিপন্ন একটি প্রাণী। উল্লুক সাধারণত ফল খায় আর উঁচু গাছে বাস করে। গাছে গাছেই এদের সারা জীবন কেটে যায়। মাটিতে নামার ঘটনা খুবই কম। তাই এদের বেঁচে থাকার জন্য দরকার ঘন প্রাকৃতিক বন।