চোখের সামনে ১৮ জনের মৃত্যু দেখেছেন তরিকুল

‘ভাই, মৃত্যুর মুক থিইকে ফিরিচি। চোখির সামনে ১৮ জনির মৃত্যু দেকিচি। অনেকের অ্যাকোনো খোঁজ মিলিনি।’ বলছিলেন তরিকুল ইসলাম। মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে সাগরপথে মালয়েশিয়ায় যাত্রা করেছিলেন চুয়াডাঙ্গার ভাগ্যান্বেষী এই যুবক।
সাগরে ১৪ দিনের ভয়ংকর এক যাত্রার শেষে থাইল্যান্ডের জঙ্গলে গিয়ে পড়েন তরিকুল। মুক্তিপণ দিয়ে সাত দিন পর মুক্তি পান। তারপর সীমান্ত অতিক্রম করে মালয়েশিয়ায় ঢুকে ধরা পড়েন পুলিশের হাতে। চার মাস জেল খেটে দেশে ফেরেন। তারপরও প্রাণ নিয়ে ফিরতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন তরিকুল।
তাঁর মতো ভালো বেতনে চাকরির আশায় পাচারকারী চক্রের খপ্পরে সাগরপথে দেশ ছেড়েছিলেন চুয়াডাঙ্গার আরও অনেকে। তাঁদের মধ্যে ৩৩ জনের নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে। তবে এদেঁর মধ্যে ছয়জনের মৃত্যু সংবাদ পেয়েছে তাঁদের পরিবার।
চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা গ্রামের বাড়িতে তরিকুলের (৩০) সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। ইটভাটার শ্রমিক তরিকুলকে মালয়েশিয়ায় ভালো বেতনে চাকরির স্বপ্ন দেখায় মানব পাচারকারী চক্রের দালাল আশাবুল হক—‘খরচ দুই লাখ ১০ হাজার টাকা। সেটাও আগাম দিতে হবে না। মালয়েশিয়ায় পৌঁছে অর্ধেক টাকা দিতে হবে, বাকিটা পরে চাকরি করে মাসে মাসে শোধ করার সুযোগ আছে!’ দালাল আশাবুলের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভেড়াখালী গ্রামে। তার প্রলোভনে মালয়েশিয়া যেতে উদ্বুদ্ধ হন তরিকুল, তাঁর চাচাতো ভাই সুজাত এবং প্রতিবেশী শাহাদাত ও মনিরুল।
তরিকুল জানান, তাঁরা চারজন ২০১৪ সালের ১৩ রমজান দুপুরে বাড়ি থেকে বের হন। প্রথমে যান দালাল আশাবুলের বাড়িতে। রাত সাড়ে ১০টায় আশাবুলের সঙ্গে ওঠেন ঢাকার বাসে। তাঁদের সঙ্গে তোলা হয় ঝিনাইদহের আরও দুই যুবককে। তাঁরাও ভাগ্যান্বেষণে মালয়েশিয়া যাবেন। পরদিন ভোরে তাঁরা ঢাকায় পৌঁছান। যাত্রাবাড়ীতে তাঁদের জন্য অপেক্ষা করছিল একটি বাস। ওই বাসে তাঁদের ছয়জনকে তোলা হয়। এরপর বিভিন্ন জেলা থেকে আনা আরও ২১ জনকে তোলা হয়। বাসটি ১৫ রমজান রাত ১২টায় কক্সবাজারে সাগরের তীরবর্তী একটি জায়গায় পৌঁছায়।
ওই রাতেই তরিকুলদের সঙ্গে একই বাসে যাওয়া ২৭ জনকে একটি ইঞ্জিন নৌকায় তোলে দালালেরা। আর তাঁদের নিয়ে তোলা হয় সাগরের মধ্যে দাঁড়িয়ে থাকা একটি বড় নৌযানে। এতে আগে থেকে আরও অনেক লোক ছিল। সব মিলিয়ে আড়াই শ জনের মতো হবে। নৌযানটি টানা ১৪ দিন চলার পর থাইল্যান্ডের উপকূলে পৌঁছায়। সেখান থেকে তাঁদের জঙ্গলে নিয়ে রাখা হয়।
‘জঙ্গলে যাইয়ে দেকি আমাগের সাতে যারা রওয়ানা হইয়েল, তাগের অনেকেই নাই।’ বলছিলেন তরিকুল। একটি নৌকায় ছিল তাঁদের বন্দিজীবন। তাঁদের ওই নৌযানের পাটাতনের নিচে গাদাগাদি করে রাখা হয়। প্রচণ্ড গরম সেখানে। গরমে, অভুক্ত থেকে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। চার ঘণ্টা পরপর একেকটা গ্রুপকে পালাক্রমে নৌকার ওপরে তুলে রাখা হতো।
তরিকুল ভাষায়, ‘আমাগের খাবার যা দিয়া হইত, তা আমরা কুকুরিরও খাতি দিইনে। কুকুরির ভাতের সাতে এটটু তরকারির ঝোল দিই। আমাগের সকালে একমুঠো কাঁচা নুডলস আর দুপুরে ১০০ গ্রাম আন্দাজ ভাত দিয়া হতো। ভাতের সাথে তরকারি দূরে থাক, এটটু লবণও দিত না। নিরুপায় হয়ে এক বেলা ওই কাঁচা নুডলস আরেক বেলা খালি ভাতই চাবায়ে খাতাম। সারা দিনে চাইরবার পানি দিত। প্রতিবার ছোট এক মগ পানি।’
তরিকুল জানান, সাত দিনের মাথায় তরিকুলের পাশের বাড়ির শাহাদাত গরমে ও ডায়রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। খাবার ও পানির জন্য শাহাদাত চেঁচামেচি করেন। নৌকায় পাহারায় থাকা মানুষজন তাঁকে বেদম মারধর শুরু করে। এর একপর্যায়ে শাহাদাত মারা যায়। এরপর তাঁর পেট কেটে সাগরের ফেলে দেওয়া হয়। তরিকুলের ধারণা নির্যাতনকারীরা সবাই থাইল্যান্ডের মানুষ। তিনি বলেন, ‘শাহাদাতের পর একে একে ১৮ জনকে চোকির ছামনে মরতি (মারা যেতে) দেখিচি। কেউ নির্যাতনে, কেউ অসুস্থ হয়ে মারা যায়। মৃত্যুর পর তাগের পেট কেটে সাগরে ফেলে দিয়েচে উরা। এসপ মৃত্যু দেকে আর ঘুমাতি পারিনি। ভাবিচি এ জীবনে আর বুঝি মা-বাবা, বউ-বাচ্চার সাথে দেকা হবে না।’
থাইল্যান্ডের জঙ্গলে তরিকুলসহ ৭৫ জনকে একটি ক্যাম্পে রাখা হয়। সেখান থেকে মুঠোফোনে তরিকুলকে দেশে তাঁর বাবার সঙ্গে কথা বলানো হয়। বলা হয়, শিগগির দুই লাখ ১০ হাজার টাকা দিতে হবে। নইলে বিপদ হবে। এরপর তরিকুলের বাবা আলম মণ্ডল গরু ও অল্প যেটুকু জমি ছিল তা বিক্রি এবং ঋণ করে এক লাখ ৮০ হাজার টাকা জোগাড় করেন। এই টাকা এলাকার দালালকে দিয়ে তিনি জানান, তাঁর পক্ষে আর টাকার ব্যবস্থা করা সম্ভব নয়। এরপর একদিন তরিকুলকে অন্য পাঁচজনের সঙ্গে মালয়েশিয়ার সীমান্ত পার করিয়ে দেওয়া হয়। পরে তাঁদের একটি গাড়িতে তোলা হয়। কিছু দূর যাওয়ার পর মালয়েশিয়ার পুলিশ গাড়িটি আটকায়। ধরা পড়েন তাঁরা সবাই।
তরিকুল জানান, মালয়েশিয়ার পুলিশ ক্যাম্পে তাঁদের ঠিকভাবে খাবার দেওয়া হতো না। মারধর করা হতো। ১৫ দিন পর তাঁদের পাঠানো হয় কারাগারে। অবৈধ অনুপ্রবেশের দায়ে মালয়েশিয়ার আদালত চার মাসের কারাদণ্ড দেন। কারাগারে থাকার সময় বাড়িতে খবর পাঠানো হয়। তরিকুলের গ্রামের হারুন নামে এক ব্যক্তি মালয়েশিয়ায় বৈধভাবে আছেন। পরিবারের সদস্যরা হারুনের সঙ্গে যোগাযোগ করেন। হারুনের সহযোগিতায় তরিকুল সাজা শেষ হওয়ার পর দেশে ফেরেন।
তরিকুলের মতো মানব পাচারকারীদের খপ্পরে পড়ে চুয়াডাঙ্গার অনেকে নিখোঁজ রয়েছেন। প্রথম আলোর অনুসন্ধানে এমন ৩৩ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। এঁদের মধ্যে ছয়জনের মৃত্যুসংবাদ পেয়েছেন তাঁদের পরিবার। তাঁরা হলেন সদর উপজেলার খাড়াগোদা গ্রামের শাহাদাত হোসেন (২৫), সরাবাড়িয়া গ্রামের হারুন (৩০), হাটপাড়ার জহুরুল (২৮), সবদুল (৩০), নবীনগরের মামুন (২২) ও আলমডাঙ্গা উপজেলার বড় পুটিমারী গ্রামের হুমায়ুন কবির (১৬)।
জহুরুলের বাবা আজিম উদ্দিন প্রথম আলোকে জানান, তাঁর ছেলে জহুরুল ও প্রতিবেশী সবদুল মালয়েশিয়ায় যাওয়ার জন্য দালালের সঙ্গে আড়াই লাখ টাকা করে চুক্তি করেন। তাঁদের বিমানে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নিয়ে যায় সাগরপথে। দালালেরা তাঁকে ফোনে জানিয়েছেন, ট্রলারেই পানির অভাবে জহুরুল মারা যান। তা দেখে সবদুল সাগরে ঝাঁপ দেন। এভাবে দুজনই মারা যান। গত মাসে এই খবর আসার পর জহুরুলের স্ত্রী মাছুরা খাতুন তাঁর বাবার বাড়ি ঝিনাইদহে চলে গেছেন। তাঁদের নয় বছরের মেয়ে যুঁথিকে নিজের কাছেই রেখেছেন আজিম উদ্দিন। তিনি বলেন, ‘নাতনিডারে নিজির কাচে রাকিচি, ইডাই ছেলের শেষ চিহ্ন।’
আরও যাঁরা নিখোঁজ: এই ছয়জন ছাড়াও চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচারার সেলিম; সদর উপজেলার বেগমপুর হাটপাড়ার কালু মিয়া, শহিদুল ইসলাম, ইকরামুল হক; হরিশপুরের আনারুল, শান্তি, সিদ্দিক; কোটালীর রবজেল হোসেন; খাড়াগোদার সুজাত আলী; সরাবাড়িয়ার কামাল, সাদ্দাম, আমোদ আলী; নবীননগর গ্রামের সুজন, হাসিবুল; টেংরামারী গ্রামের হোসাইন, আশিক, আলিম; জীবননগর উপজেলার সেনেরহুদার সাদ্দাম হোসেন; আলমডাঙ্গা উপজেলার বন্ডবিলের মো. আজম, মো. হাসান; বড় পুটিমারী গ্রামের ওবায়দুর, শাহানাজ; জোড়গাছা গ্রামের ভাদু মিয়া, কাঠাভাঙার আবদুস সালাম, ওদুদ হোসেন; রামনগরের আলী হোসেন; পাইকপাড়ার মেহেদি হাসান ও তোতা মিয়া। এঁদের স্বজনেরা এখন সবাই প্রতীক্ষায় দিন কাটান।