চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে নারী প্রার্থী বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল নগরে বেসরকারি সংস্থা রূপান্তরের কার্যালয়ে মঙ্গলবার ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন -২০২১ ও আমরা অপরাজিতা’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বরিশাল সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক রূপান্তরের সহায়তায় এই সংবাদ সম্মেলন করে
ছবি: প্রথম আলো

বরিশাল বিভাগে চলতি বছর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সাধারণ সদস্যপদে নির্বাচনে নারী প্রতিদ্বন্দ্বীর সংখ্যা আগের চেয়ে বেড়েছে। আজ মঙ্গলবার বরিশাল নগরের ব্রাউনকম্পাউন্ড এলাকায় একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। একই সঙ্গে এ সংবাদ সম্মেলন থেকে সব ক্ষেত্রে নারী ও পুরুষের সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

মঙ্গলবার দুপুরে বেসরকারি সংস্থা রূপান্তরের নারীর ক্ষমতায়ন প্রকল্প অপরাজিতা ও সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রূপান্তরের কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে এবারের ইউপি নির্বাচনে নারী প্রার্থীদের সংখ্যা বৃদ্ধির ঘটনাকে নারীর ক্ষমতায়নের জন্য একটি ইতিবাচক দিক বলে উল্লেখ করা হয়।

  সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বরিশাল বিভাগের  তিন জেলার ১১টি উপজেলার ১০২টি  ইউপির চেয়ারম্যান পদে ৪ জন এবং সাধারণ সদস্যপদে মাত্র ৮ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু এবারের ১০২টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে ১০ জন এবং সাধারণ সদস্যপদে ৩৭ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্থানীয় সরকার নির্বাচনে আগে যেখানে নারীরা কেবল সংরক্ষিত আসনে সদস্যপদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন, সেখানে এখন সাধারণ সদস্যপদে পুরুষ প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ দেখাচ্ছেন। এটা অবশ্যই নারীর ক্ষমতায়নের জন্য ইতিবাচক। এ ক্ষেত্রে সবচেয়ে যে বড় অগ্রগতি তা হচ্ছে, নারীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং মানসিক শক্তির বিকাশ।

সংবাদ সম্মলেনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আইন ১৯৭২ (সংশোধিত) অনুযায়ী,  ২০২৩ সালের মধ্যে প্রতিটি রাজনৈতিক দলের সর্বস্তরের কমিটিতে ৩৩ ভাগ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, এখনো অনেক রাজনৈতিক দলের এই লক্ষ্যমাত্রা পূরণের বিষয়ে অগ্রগতি কম। একই সঙ্গে স্থানীয় সরকারে সংরক্ষিত আসনে নারীরা সরাসরি ভোটে নির্বাচিত হলেও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এবং উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ আসনের পুরুষ সদস্যদের সমান সুযোগ নারী সদস্যরা পান না। এটা অবশ্যই নারীর ক্ষমতায়নের জন্য একটি বড় অন্তরায়। এই  অন্তরায় দূর করতে সব রাজনৈতিক দল, সচেতন নাগরিক এবং নারীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সাধার সদস্য প্রার্থী লতিফা খানম। সংবাদ সম্মেলনের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন অপরাজিতা প্রকল্পের কর্মসূচি ব্যবস্থাপক রাবেয়া বসরি। সংবাদ সম্মলনটি সঞ্চালনা করেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান।