চেয়ারম্যান নন, তাঁর ভাই সম্পৃক্ত: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিজমির চারপাশে বাঁধ দিয়ে খাল খনন করে মাটি তুলে বিক্রি করা হচ্ছে। সম্প্রতি হবিগঞ্জের মাধবপুরের মাল্লা-ধনকুড়া হাওরে
ছবি: প্রথম আলো

হবিগঞ্জের মাধবপুরে কৃষিজমির ক্ষতি করে মাটি ব্যবসার সঙ্গে ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম ওরফে মামুনের সম্পৃক্ততা পায়নি পুলিশ। আদালতের নির্দেশে তারা তদন্তে নেমেছিল। মঙ্গলবার পুলিশ সেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আদালতে। অবশ্য ঘটনায় চেয়ারম্যানের ভাই সাইফুল ইসলাম ওরফে মনিরের সম্পৃক্ততার কথা জানানো হয়েছে প্রতিবেদনে।

১০ আগস্ট প্রথম আলোয় ‘কৃষিজমির ক্ষতি করে চেয়ারম্যানের ব্যবসা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয়, মাধবপুর উপজেলার কাষ্টি নদীর পাশেই মাল্লা-ধনকুড়া হাওর অবস্থিত। সেখানে প্রায় ১০০ একর জমি নিয়ে মাটির বাঁধ তৈরি করেন উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামসুল ইসলাম। বাঁধের চারপাশ ঘিরে খনন ও খাল তৈরি করেন। তাতে বসানো হয় ড্রেজার মেশিন (খননযন্ত্র)।

পাইপের সাহায্যে ওই স্থান থেকে নোয়াপাড়া এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে মাটি। সেখানে গড়ে উঠছে বেশ কিছু শিল্পপ্রতিষ্ঠান। এসব শিল্পপ্রতিষ্ঠানের অবকাঠামো স্থাপনে হাওরের মাটি ব্যবহার হচ্ছে। মাটি সরবরাহের ঠিকাদারি নিয়েছেন ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম। এতে কৃষিজমির ক্ষতি হওয়ায় এলাকার কয়েকজন ৯ আগস্ট উপজেলা প্রশাসনকে লিখিত অভিযোগ দেন।

আরও পড়ুন

প্রথম আলোর প্রতিবেদনটি আমলে নেন হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পবন চন্দ্র বর্মণ। তিনি স্বপ্রণোদিত হয়ে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিষয়টি তদন্তের নির্দেশ দেন। এতে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে ৩১ আগস্টের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। সেই হিসেবে মঙ্গলবার ছিল প্রতিবেদন জমার শেষ দিন। মাধবপুর থানার ওসি আবদুর রাজ্জাক মঙ্গলবার আদালতে প্রতিবেদন জমা দেন।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃষিজমির ওপর বাঁধ নির্মাণ এবং মাটি খনন ও ড্রেজার মেশিন স্থাপনের সত্যতা খুঁজে পায়। এই কাজ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০–এর ৪ ও ৫ ধারার লঙ্ঘন। এ ছাড়া মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মাঈনুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে এসবের সত্যতা পান। তিনি এ কাজে জড়িত থাকায় সাইফুল ইসলামকে দুই লাখ টাকা অর্থদণ্ড করেন।

পুলিশের এই প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁরা বলছেন, ইউপি চেয়ারম্যান সামসুলের নাম আড়াল করতেই পুলিশ তাঁর ভাই সাইফুলকে সামনে এনেছেন।

ইউএনওর কাছে অভিযোগকারী মাল্লা গ্রামের বাসিন্দা আমিনুল পাঠান, জামাল মিয়া ও লিটন মিয়া বলেন, চেয়ারম্যান সরাসরি এই কাজে জড়িত। এই হাওরে তাঁর তেমন কোনো জমি নেই। তিনি প্রভাব খাটিয়ে অন্যের জমির ওপর বাঁধ দিয়েছেন। ড্রেজার দিয়ে মাটি তুলে বিক্রি করছেন। পুলিশের তদন্তে চেয়ারম্যানের সম্পৃক্ততা না মেলায় তাঁরা বিস্মিত। অন্য কোনো সংস্থা দিয়ে পুনরায় তদন্ত করার দাবি জানান তাঁরা।

মাধবপুর থানার ওসি আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, তাঁদের তদন্তে চেয়ারম্যানের ছোট ভাই সাইফুলের জড়িত থাকার প্রমাণ মিলেছে। তিনি পারিবারিক সম্পত্তির ওপর ওই বাঁধ নির্মাণ করেছেন। এ ছাড়া ইউএনও ঘটনাস্থলে গিয়ে সাইফুলকে ও তাঁকে দুই লাখ টাকা জরিমানা করেন। এসব কারণে চেয়ারম্যানের সম্পৃক্ততা খুঁজে পায়নি পুলিশ।