ঋণখেলাপির তথ্য গোপন করায় পদ খুইয়েছেন বরগুনার আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সরোয়ার। তফসিল ঘোষণা করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের প্রতি আদেশ দিয়েছেন আদালত। বরগুনা জেলা ও দায়রা জজ আদালত ও নির্বাচন ট্রাইব্যুনালে বুধবার এ রায় হয়।
এর আগে একই আদালতে গোলাম সরোয়ারকে অব্যাহতি দিয়ে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সামসুদ্দিন আহম্মদকে চেয়ারম্যান ঘোষণার আদেশ হয়েছিল। ওই আদেশ স্থগিত করে পুনরায় মামলাটি বিচারের জন্য বরগুনার আদালতে ফেরত পাঠিয়েছিলেন হাইকোর্ট।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৩১ মার্চ আমতলী উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জয়ী হন আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হওয়া বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার। তবে তাঁর বিরুদ্ধে হলফনামায় ঋণখেলাপির তথ্য গোপন করার অভিযোগ ওঠে। একই বছরের ২১ এপ্রিল আদালতে মামলা করেন প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী সামসুদ্দিন। চেয়ারম্যানের পদ থেকে সরোয়ারকে অব্যাহতি দিয়ে সামসুদ্দিন তাঁকে চেয়ারম্যান ঘোষণার জন্য আদালতের কাছে আবেদন করেন।
ওই মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালে রূপালী ব্যাংকের পটুয়াখালী শাখা থেকে ১ বছর মেয়াদে ১৮ লাখ টাকা ঋণ নেন সরোয়ার। সুদে-আসলে তা ২৪ লাখ টাকায় দাঁড়ায়। এ ছাড়া নিজের মালিকানাধীন বনানী ট্রেডার্সের নামেও এক বছর মেয়াদে ঋণ তোলেন তিনি, তা সুদে-আসলে দাঁড়ায় ২৭ লাখ টাকায়। যথাসময়ে এই ঋণ পরিশোধ না করায় ২০১৪ সালে বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকায় নাম ওঠে সরোয়ারের। উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্রে তিনি এই তথ্য উল্লেখ করেননি, যা নির্বাচন সংশ্লিষ্ট বিধিবিধানের লঙ্ঘন।
ওই মামলায় বরগুনার যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও উপজেলা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক আবদুল্লাহ আল মামুন চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি এক আদেশ দেন। তাতে ১৫ কর্মদিবসের মধ্যে সরোয়ারকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়ে সামসুদ্দিনকে চেয়ারম্যান ঘোষণা করে গেজেট প্রকাশ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আদালত।
রায়ের বিরুদ্ধে গোলাম সরোয়ার হাইকোর্টে আপিল করেন। শুনানি নিয়ে হাইকোর্ট নিম্ন আদালতের ওই রায় স্থগিত করেন। মামলাটি পুনরায় বিচারের জন্য নিম্ন আদালতে পাঠিয়ে দেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার রায় ঘোষণা করেন বরগুনা জেলা জজ আদালত ও উপজেলা নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. হাসানুল ইসলাম। এতে তিনি চেয়ারম্যানের পদ থেকে সরোয়ারকে অব্যাহতির আদেশ বহাল রাখেন। তবে প্রতিদ্বন্দ্বী সামসুদ্দিনকে চেয়ারম্যান ঘোষণার পরিবর্তে তফসিল ঘোষণা করে পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে নির্বাচন কমিশনকে আদেশ দেন।
গোলাম সরোয়ার বলেন, তিনি এই রায়ের বিরুদ্ধে আবার হাইকোর্টে আপিল করবেন। রায়ে সন্তুষ্ট হতে পারেননি প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামসুদ্দিনও। তিনি বলেন, ‘আমি ন্যায়বিচার পাইনি।’
মামলায় সামসুদ্দিন আহম্মদের পক্ষে ছিলেন আইনজীবী জগদীশ চন্দ্র শীল। আর গোলাম সরোয়ারের পক্ষে ছিলেন আইনজীবী আনিছুর রহমান। সরোয়ারকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে তফসিল ঘোষণা করে পুনর্নির্বাচনের আদেশের বিষয়টি দুজনই নিশ্চিত করেছেন।
বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার বলেন, তিনি এখনো আদেশের কপি হাতে পাননি। সেটি পেলে নির্বাচন কমিশনে পাঠানো হবে। এরপর সেখানকার নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি।