চেয়ারম্যানের গাড়ির চালককে মারধর, ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ জেলার মানচিত্র

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যানের গাড়ির চালক মো. আমিরকে মহিলা ভাইস চেয়ারম্যান তাঁর জামাতা ও ছাত্রলীগ কর্মীদের দিয়ে মারধর করিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরের এ ঘটনায় ভুক্তভোগী গাড়িচালক মো. আমির সদর থানায় ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার সোমবার দুপুর ১২টার দিকে মুঠোফোনে মো. আমিরকে তাঁর অফিসকক্ষে ডেকে আনেন। এ সময় তিনি গাড়ি ব্যবহারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এর একপর্যায়ে তাঁর জামাতা মো. জিহাদ গাড়ির চাবি কেড়ে নেন। পরে নাসরিন আখতার মোটরসাইকেলে করে উপজেলা পরিষদ চত্বর থেকে চলে যাওয়ার সময় গাড়িচালক আমির সামনে দাঁড়িয়ে চাবি দেওয়ার অনুরোধ করেন। এ সময় তিনি মুঠোফোনে কয়েকজনকে ডেকে সবাই মিলে বেধড়ক পেটাতে থাকেন। একপর্যায়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে যায় এবং আমির জ্ঞান হারান। সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন বলে প্রথম আলোকে জানান।

মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার সোমবার দুপুর ১২টার দিকে মুঠোফোনে মো. আমিরকে তাঁর অফিসকক্ষে ডেকে আনেন। এ সময় তাঁর জামাতা মো. জিহাদ গাড়ির চাবি কেড়ে নেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার প্রথম আলোকে বলেন, ‘নানা জরুরি কাজে গাড়ি ব্যবহারের অনুরোধ জানিয়ে কখনো সুযোগ পাইনি। এ ছাড়া উপজেলা চেয়ারম্যান আমাকে নানা প্রকল্প থেকে বঞ্চিত করছেন। এই ক্ষোভ থেকে আমি ছাত্রলীগের ছেলেদের ডাকি এবং চাবি কেড়ে নেওয়া হয়। এ সময় মোটরসাইকেলে করে আমি উপজেলা পরিষদ চত্বর ত্যাগ করি। গাড়িচালক আমির হোসেনকে মারধর করা হয়েছে কি না জানি না।’

উপজেলা পরিষদে ছাত্রলীগের কর্মীদের ডেকেছেন কেন প্রশ্নে নাসরিন আখতার নিজেকে সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পরিচয় দেন এবং সেই সূত্রে ছাত্রলীগের ছেলেদের ডাকেন বলে জানান।

সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আওয়াল তুষার প্রথম আলোকে বলেন, ‘সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতারের জামাতা মো. জিহাদের সঙ্গে যে কয়েকজন গিয়েছিল, তার মধ্যে তিন-চারজন ছাত্রলীগের কর্মী ছিল। তবে তারা সেখানে ছাত্রলীগ হিসেবে যায়নি। গিয়েছিল জিহাদের বন্ধু হিসেবে। তাদের যাওয়ার ব্যাপারে নেতৃবৃন্দ আগে থেকে কিছু জানত না।’

উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সভাপতি তসিকুল ইসলাম বলেন তসিকুল ইসলাম বলেন, ভাইস চেয়ারম্যানদের গাড়ি ব্যবহারের এখতিয়ার নেই। গাড়ির চালককে মারধরের ঘটনাটি দারুণ অন্যায় হয়েছে। একজন জনপ্রতিনিধির কাছে এটা প্রত্যাশিত নয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন। তবে মামলা নথিভুক্ত হয়নি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।