চেয়ারম্যানের বিরুদ্ধে বনায়নের গাছ বিক্রির অভিযোগ

আমিরাবাদ বাজার থেকে খাওখীর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের পাশের গাছ কেটে বিক্রি করা হয়।

নলছিটি উপজেলায় অনুমতি ছাড়াই সামাজিক বনায়ন প্রকল্পের গাছ করা হয়েছে। গত রোববার খাওখীর এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হকের বিরুদ্ধে সামাজিক বনায়ন কর্মসূচির গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। গত শনিবার ও রোববার দুই দিনে উপজেলার আমিরাবাদ বাজার থেকে খাওখীর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের পাশের গাছ কেটে বিক্রি করা হয়।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ঝালকাঠি কার্যালয় সূত্রে জানা গেছে, ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন সেক্টর প্রকল্পের অধীনে ২০০১-০২ অর্থবছরে রেইনট্রি, মেহগনি, কড়ই, শিশু, আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির প্রায় পাঁচ হাজার গাছ লাগানো হয়। বনায়নের কাজ করে মগড় ইউনিয়ন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি।

সমিতির সভাপতি আলমগীর হোসেন খান বলেন, সমিতির ৪০ জন সদস্য এই সামাজিক বনায়নের ৭০ শতাংশের মালিক। কমিটির সাধারণ সম্পাদক হান্নান হাওলাদারের কাছে সব কাগজপত্র আছে। এই সামাজিক বনায়ন প্রকল্পে বৃক্ষ রোপণের সময় এলজিইডি থেকে সদস্যদের প্রশিক্ষণ দিয়েছে। পাহারা দেওয়ার জন্য প্রতি মাসে ভাতা পেয়েছেন সদস্যরা।

আলমগীর হোসেন অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান এনামুল হক ও ইউপি সদস্য মো. ফজলু শনি ও রোববার ছোট–বড় পাঁচ শতাধিক গাছ স্থানীয় ব্যবসায়ী আফাং উদ্দিনের কাছে বিক্রি করে দেন। ওই ব্যবসায়ী ১০-১৫ জন শ্রমিক দিয়ে গাছগুলো কেটে ট্রলারে নিয়ে গেছেন।

ব্যবসায়ী আফাং উদ্দিন বলেন, চেয়ারম্যান এনামুল হকের মাধ্যমে এলাকার কয়েকজনের কাছ থেকে গাছগুলো কিনেছেন। তাঁরা জানিয়েছেন, এসব গাছ তাঁদের নিজেদের জমিতে রয়েছে।

এ বিষয়ে মগড় ইউপির চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘দু–তিনটা গাছ কেটেছে এলাকার লোকজন। কিন্তু এ গাছের দাবি করছে মগড় ইউনিয়ন পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। সমস্যা সমাধানের জন্য তাঁদের ইউনিয়ন পরিষদে আসতে বলেছি। আমি এ গাছ কাউকে কাটতে বলিনি বা বিক্রি করিনি।’