গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে বন বিভাগের অনুমতি ছাড়াই সড়কের পাশের ৪০০ গাছ কাটার অভিযোগ উঠেছে। এ নিয়ে ১৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। এদিকে জব্দ করা ২৫টি গাছের গুঁড়ির বিষয়ে মামলা হয়নি।
অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় ১০ বছর আগে কামদিয়া ইউনিয়নের শ্যামপুর থেকে কোচমুড়ি গ্রাম পর্যন্ত এক কিলোমিটার সড়কে প্রায় ৪০০ ইউক্যালিপটাস জাতের গাছ লাগানো হয়। বর্তমানে এসব গাছের মূল্য ৯ থেকে ১০ লাখ টাকা। কিন্তু ইউপি চেয়ারম্যান মোশাহেদ দরপত্র আহ্বান ছাড়া এবং বন বিভাগের অনুমতি না নিয়ে একাই এসব গাছ বিক্রি করে দেন। স্থানীয় কাঠ ব্যবসায়ী জিলান চৌধুরী এসব গাছ কেনেন। তিনি ৮ ফেব্রুয়ারি গাছগুলো কাটা শুরু করেন। তিনি দেড় শতাধিক গাছ কর্তন করেন। জিলান চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।
এদিকে শ্যামপুর গ্রামের এসব গাছ বিক্রির সময় ১১ ফেব্রুয়ারি ট্রাকসহ প্রায় ২৫টি গাছের গুঁড়ি জব্দ করে বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। শ্যামপুর এলাকার মতিয়ার রহমান জানান, জব্দ করার পর থেকে সেগুলো বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে রয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি। পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মিলন চ্যাটার্জি বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। বিষয়টি গোবিন্দগঞ্জের ইউএনওকে জানানো হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, গাছ কাটার সময় সাধারণ জনগণ বাধা দিতে গেলে চেয়ারম্যানের লোকজন তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ভয়ভীতি দেখানো হয়।
গোবিন্দগঞ্জ বন বিভাগের ফরেস্টার মিজানুর রহমান বলেন, কামদিয়া ইউনিয়নের গাছ কাটার বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি।
এসব বিষয়ে কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন বলেন, এগুলো অংশীদারি গাছ। সরকারি বা খাস জায়গার নয়। দরপত্র প্রক্রিয়া করতে গেলে খাজনার চেয়ে বাজনাই বেশি হয়।
জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) দায়িত্ব দেওয়া হয়েছে। ইউএনও মো. আরিফ হোসেন জানান, তিনি এখনো চিঠি পাননি। চিঠি পেলে এ বিষয়ে ব্যস্থা নেবেন।