চৈত্রে হঠাৎ কুয়াশা, দৌলতদিয়া-পাটুরিয়ায় দুই ঘণ্টা ফেরি বন্ধ
চৈত্রের গরমের মধ্যেও হঠাৎ ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে আজ সোমবার সকালে দুই ঘণ্টার মতো ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় দুই ঘাটেই ফেরিগুলো নোঙর করে থাকতে বাধ্য হয়।
ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে শত শত গাড়ি আটকা পড়ে। দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার লম্বা লাইন তৈরি হয়। নদী পাড়ি দিতে আসা যানবাহনের চালক ও যাত্রীদের দৌলতদিয়া ঘাটে আটকে থাকায় দুর্ভোগের শিকার হতে হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, আজ ভোররাত থেকে পদ্মা নদী অববাহিকায় হঠাৎ ঘন কুয়াশা পড়তে থাকে। সময়ের সঙ্গে কুয়াশার মাত্রা বাড়তে থাকায় নৌযান চলাচল মারাত্মক বিঘ্নিত হয়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় একাধিক ফেরি মাঝনদীতে থাকলেও ঝুঁকি নিয়ে দ্রুত গন্তব্যে পৌঁছায়। কুয়াশার ঘনত্ব কমতে থাকলে সকাল সাড়ে ৭টার দিকে ফেরি ছাড়তে শুরু করে।
সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ফায়ার সার্ভিস পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকাজুড়ে কয়েক শ গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়। এর মধ্যে যাত্রীবাহী বাস, পণ্যবাহী গাড়ি, কাভার্ড ভ্যানসহ ব্যক্তিগত গাড়িও ছিল। দীর্ঘক্ষণ গাড়ি আটকে থাকায় অনেক যাত্রীই বিকল্প উপায়ে নদী পার হয়ে ঢাকার পথে ছোটেন।
ফরিদপুর থেকে একটি দূরপাল্লার পরিবহনে সাভার যাচ্ছিলেন ওষুধ ব্যবসায়ী মাসুদুর রহমান। কুয়াশায় আটকে থাকার পর এ প্রতিবেদককে মুঠোফোনে তিনি জানান, সকালেই সাভার পৌঁছাতে হবে বলে তিনি ভোরে ফরিদপুর থেকে একটি বাসে ওঠেন। কিন্তু ঘাটে এসেই লম্বা লাইনে আটকা পড়েন। এ সময় জানতে পারেন কুয়াশায় ফেরি বন্ধ রয়েছে। প্রায় তিন ঘণ্টা গাড়িতেই বসে আছেন। গরমকালে এমন কুয়াশা পড়ায় বিস্মিত তিনি।
যশোর থেকে ছেড়ে আসা রাসেল পরিবহন নামের একটি বাসের সুপারভাইজার শিমুল হাসান বলেন, ‘ভোররাত চারটার দিকে ঘাটে এসে সিরিয়ালে আটকা পড়ি। ঘণ্টাখানেক পর জানতে পারি, কুয়াশায় ফেরি বন্ধ হয়ে গেছে। চৈত্র মাসের গরমের মধ্যেও এমন আকস্মিক কুয়াশায় নৌপথ বন্ধ হওয়ার বিষয়টি সবাইকে অবাক করেছে। আমরা এখনো ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার পেছনে আছি।’
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চোহান প্রথম আলোকে বলেন, পদ্মা নদী অববাহিকায় আকস্মিকভাবে ঘন কুয়াশা পড়তে থাকলে ভোর সাড়ে ৫টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। কুয়াশায় দুই ঘণ্টার মতো ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে কয়েক শ গাড়ি আটকে লম্বা লাইন তৈরি হয়েছে। বর্তমানে এ নৌপথে ছোট-বড় মিলিয়ে ২০টি ফেরি চলাচল করছে। দ্রুত এ জট কমে যাবে বলে তাঁর আশা।