ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল
চোখের অস্ত্রোপচার বন্ধ
বর্তমানে দুজন চিকিৎসা কর্মকর্তা রোগীদের চোখ পরীক্ষা করে সেবা দিচ্ছেন। তবে চোখের সব ধরনের অস্ত্রোপচার বন্ধ।
হাসপাতালের ছয় শয্যার চক্ষু ওয়ার্ড বন্ধ। ব্যবহার না করায় কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হচ্ছে।
আগে প্রতি মাসে দুই শতাধিক রোগীর চোখের অস্ত্রোপচার হতো এ হাসপাতালে। এখন সব বন্ধ।
২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে সাড়ে তিন বছর ধরে চক্ষু বিশেষজ্ঞ পদটি শূন্য। চিকিৎসক–সংকটে চোখের সব ধরনের অস্ত্রোপচার বন্ধ। এতে হাসপাতালের ছয় শয্যার চক্ষু ওয়ার্ডটি বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ব্যবহার না করায় চক্ষু বিভাগের কোটি টাকা মূল্যের অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ অক্টোবর চক্ষু বিভাগে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে যোগ দেন ইয়ামলি খান। ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর পদোন্নতি পাওয়ায় তাঁর বদলি হয়। এর দেড় বছর পর চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক আল আমিন এখানে যোগ দেন। কিন্তু যোগদানের ১৫-২০ দিনের মধ্যে তিনিও বদলি হয়ে অন্যত্র চলে যান। এর পর থেকে হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের পদটি শূন্য।
চিকিৎসক না থাকায় সাড়ে তিন বছর ধরে হাসপাতালটিতে চোখের ছানিসহ সব ধরনের অস্ত্রোপচার বন্ধ। অস্ত্রোপচার বন্ধ থাকায় ছয় শয্যার চক্ষু ওয়ার্ডটিও বন্ধ হয়ে গেছে। বর্তমানে দুজন চিকিৎসা কর্মকর্তা রোগীদের চোখ পরীক্ষা করে সেবা দিচ্ছেন। সপ্তাহের শনি, রবি ও মঙ্গলবার তাঁরা চোখের রোগী দেখেন। সোম, বুধ ও বৃহস্পতিবার রোগীদের চোখের দৃষ্টি পরীক্ষা করা হয়।
বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের সবু মিয়া বলেন, কয়েক মাস আগে একদিন সকালে গরুর মাংস কাটার সময় হাড়ের টুকরা ছিটকে গিয়ে ডান চোখের ওপর আঘাত লাগে। পরিবারের লোকজন তাঁকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। চোখের অস্ত্রোপচার করাতে হবে বলে চিকিৎসক পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ থাকায় তা করাতে পারেননি। এক মাস পর চোখের ব্যথা সহ্য করতে না পেরে অবশেষে ৫০ হাজার টাকা ধার নিয়ে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করান।
ডান চোখের ওপর আঘাত লাগে। পরে ৫০ হাজার টাকা ধার নিয়ে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করাই।
হাসপাতালের প্রশাসনিক সূত্রে জানা গেছে, ২০১৪ সালের পর থেকে ন্যাশনাল আই কেয়ারের আওতায় হাসপাতালে চোখের ছানির অস্ত্রোপচার, চশমাজনিত সমস্যা, ওপিডি ম্যানেজমেন্ট, লেজার চিকিৎসা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগনির্ণয়সহ চোখের বিভিন্ন চিকিৎসাসেবা দেওয়া হতো। ওই সময় হাসপাতালে প্রতি মাসে দুই শতাধিক রোগীর অস্ত্রোপচার করা হতো। কিন্তু এখন সেগুলোর কিছু হয় না।
চক্ষু বিভাগের দেওয়া তথ্য থেকে জানা গেছে, ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত হাসপাতালে ৬৯৬ জন, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৭ হাজার ৫০১ এবং ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৬ হাজার ৫৯৯ জন ও ২০১৮ সালে ৩ হাজার ৭৮৮ জন রোগীর চোখের ছানিসহ বিভিন্ন অস্ত্রোপচার করা হয়।
হাসপাতালের প্রশাসনিক সূত্র আরও জানায়, চিকিৎসক না থাকায় বর্তমানে দৃষ্টি পরীক্ষার জন্য চক্ষু ওয়ার্ডে থাকা দুটি স্লিট ল্যাম্বের একটি ও লেন্স বা চশমা নির্ধারণের অটোরিফ্লেকশন যন্ত্র নষ্ট হয়ে গেছে। আর ডায়াবেটিক রেটিনোপ্যাথি কক্ষের কোটি টাকা মূল্যের দুটি লেজার যন্ত্র এবং কালার ফান্ডাস ফটোগ্রাফি ও ওসিটি মেশিনও নষ্ট হওয়ার পথে। চিকিৎসকের অভাবে ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগীরাও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ওয়াহীদুজ্জামান বলেন, আশা করছেন, সপ্তাহখানেকের মধ্যে চক্ষু বিভাগে চিকিৎসক যোগদান করবেন।