চোখের আলো হারিয়ে অকূলপাথারে পড়েছেন মোকারম
বছর চারেক আগে গ্রামের সড়ক দিয়ে যাওয়ার সময় এক কৃষকের সঙ্গে ধাক্কা লাগে মোকারমের। সঙ্গে সঙ্গে কৃষকের হাতে থাকা তরল কীটনাশক তাঁর চোখে-মুখে পড়ে। এরপর অনেক চিকিৎসা করেছেন, কিন্তু ফল পাননি। তিন বছর থেকে দুই চোখে আর দেখতে পান না।
দিনমজুরি করে সংসার চালানো মোকারম এরপর থেকে বেকার। তিনি এখন থাকেন, রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ট্যাক্সের হাট-লালদীঘি সড়কের ইটভাটার পাশের একটি গদিঘরের বারান্দায়। স্ত্রী রেজিয়া খাতুনের ভিক্ষার টাকায় চলছে ভূমিহীন এই দম্পতির জীবিকা। ভিক্ষায় যেতে না পারলে উপোস দিতে হয় দুজনকেই।
সম্প্রতি সরেজমিন দেখা যায়, ওই গদিঘরের বারান্দার এক কোণে ইউরিয়ার বস্তা দিয়ে ঘিরে ভেতরে একটি চৌকি বসানো হয়েছে। সেখানেই স্ত্রীকে নিয়ে থাকেন মোকারম।
মোকারম জানান, রামনাথপুরের উত্তর মুকসেদপুর ধাপপাড়া গ্রামে অন্যের জায়গায় পরিবার নিয়ে ২৫ বছর ছিলেন তিনি। দিনমজুরির কাজ করে সংসার চালাতেন। অন্ধ হওয়ার পরে সেখান থেকে তাঁকে উচ্ছেদ করে দেন জমির মালিক। উপায় না পেয়ে স্ত্রী রেজিয়া খাতুন আড়াই বছর আগে তাঁকে নিয়ে উঠেন পরিত্যক্ত ওই গদিঘরের বারান্দায়।
মোকারমের দাবি, তাঁর বয়স ৮০ পেরুলেও জাতীয় পরিচয়পত্রে কম লেখায় বর্তমানে হয়েছে ৬১ বছর। এ কারণে বয়স্ক ভাতা হচ্ছে না। তিনি বলেন, ‘মুই দুই চোউকে (চোখে) দ্যাকো না। পোতিবন্দি (প্রতিবন্ধী) ভাতার জন্য চেয়ারম্যান-মেম্বার, চকিদারের পাছোত কত ঘুরচু করি দেয় নাই। যার জমি আছে, বাড়ি আছে, তায় সরকারের বাড়ি পাইচে। মোর কিছু নাই মোক বাড়ি দিল না। সব কপাল।’ এ কথা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। নিজেকে সামলে নিয়ে বলেন, ‘বাবা, মোক একটা থাকার ব্যবস্থা করি দেও। আর একটা কার্ড করি দেও। বউটা ভিক (ভিক্ষা) না করলে মোক না খায়া মইরবার নাগিল হয়।’
রেজিয়া তাঁর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী খোদেজা বেগম মারা যাওয়ার পরে রেজিয়াকে বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর এক ছেলে এক মেয়ে। ছেলে বউ নিয়ে শশুরবাড়ি থাকেন। মেয়ে স্বামীকে নিয়ে ঢাকায় থেকে পোশাক কারখানায় কাজ করেন। তাঁরা কেউ খোঁজ নেন না, এমন অভিযোগ মোকারমের।
রেজিয়া খাতুন বলেন, ‘হামার খুব কষ্ট। যেদিন শরীল খারাপ থাকে, আকাশ খারাপ থাকে, সেদিন ভিক কইরবার যাবার পাও না। তখন না খায়া থাকি। অসহায় অন্ধ মানুষটাক ছাড়ি কোনোটে যাবারও পারো না। মুই না থাকলে এক ধাপ চইলবারও পারে না।’
ওই গদিঘরের মালিক বদরগঞ্জ পৌরসভার সাহাপুর গ্রামের বাসিন্দা রুহুল আমিন বলেন, থাকার জায়গা না থাকায় অন্ধ মোকারমকে নিয়ে তাঁর স্ত্রী আমার গদিঘরের বারান্দার এক পাশে চট দিয়ে ঘিরে অতিকষ্টে বসবাস করে আসছেন। মানবিক কারণে তাঁদের তাড়িয়ে দেননি।
রামনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এত দিন কেউ আমাকে মোকারমের কথা জানাননি। বিষয়টি দেখব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান বলেন, ‘খোঁজখবর নিয়ে মোকারমের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।’