চোখের জলে অপেক্ষা দুই পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপির অপহৃত সভাপতি ও সাবেক সাংসদ সাইফুল ইসলাম হিরু এবং পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ অপহরণ ঘটনার এক বছর পূর্তি হচ্ছে আজ বৃহস্পতিবার।
দীর্ঘ এই সময়ে এ দুজনের উদ্ধারে কোনো আশার আলো না দেখলেও স্মৃতিচারণা আর চোখের জলেই প্রিয়জনের অপেক্ষায় আছেন পরিবারের সদস্যরা। ছেলের চিন্তায় এরই মধ্যে মারা গেছেন পারভেজের বাবা মো. রংগু মিয়া।
হুমায়ুন কবিরের স্ত্রী শাহনাজ আক্তার গত মঙ্গলবার সন্ধ্যায় কান্নাজড়িত কণ্ঠে এই প্রতিবেদককে বলেন, ‘প্রতিদিন, প্রতিটা মুহূর্ত যে কেমনে যাচ্ছে, তা বলে বোঝাতে পারব না। সরকার চাইলেই আমার স্বামীকে ফিরিয়ে দিতে পারে। আল্লাহ যে কবে আমাদের অপেক্ষার অবসান ঘটাবেন, বলতে পারছি না। আমার এক ছেলে, দুই মেয়ে বড় বেশি বাবাপাগল। বাচ্চারা প্রতিদিনই ওদের বাবার কথা বলে।’ আর সাইফুল ইসলামের স্ত্রী ফরিদা ইসলাম হাসি বলেন, ‘উনি যেখানে আছেন, আল্লাহ যেন ভালো রাখেন। ওনার জন্য পারিবারিকভাবে মিলাদ পড়ানো হবে। রাষ্ট্রের শীর্ষপর্যায়ে যোগাযোগ করেও তাঁর অবস্থান জানা যায়নি।’
প্রত্যক্ষদর্শী, পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৭ নভেম্বর রাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর নামক স্থানে র্যা ব সদস্যরা একটি অ্যাম্বুলেন্স আটক করেন। অ্যাম্বুলেন্স থেকে সাইফুল ইসলাম, হুমায়ুন কবির পারভেজ ও পৌর বিএনপির তৎকালীন সহসাংগঠনিক সম্পাদক (বর্তমানে আওয়ামী লীগ নেতা) জসিমউদ্দিনকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান তাঁরা। পরে জসিমউদ্দিনকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অপর একটি মাইক্রোবাসে তুলে দেওয়া হয়। এরপর জসিমউদ্দিন ও সাইফুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রাতেই সাধারণ মানুষ, বিএনপির নেতা-কর্মীসহ ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করে লাকসাম থানায় পাঠায় র্যা ব। কিন্তু অপহৃত বিএনপির দুই নেতাকে থানায় হাজির করা হয়নি। তখন থেকেই নিখোঁজ রয়েছেন তাঁরা।
দীর্ঘদিনেও ওই দুজনের হদিস না পেয়ে গত ১৮ মে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাবরিনা নার্গিসের আদালতে পারভেজের বাবা মো. রংগু মিয়া একটি মামলা করেন। মামলায় র্যা ব-১১-এর সাবেক প্রধান লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, র্যা ব-১১-কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাহেদ রাজী, উপসহকারী পরিচালক (ডিএডি) শাহজাহান আলী, উপপরিদর্শক (এসআই) কাজী সুলতান আহমেদ ও অসিত কুমার রায়কে আসামি করা হয়। পরে আদালতের নির্দেশে মামলার তদন্ত শুরু করে লাকসাম থানার পুলিশ। গত ৯ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু বক্কার আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। র্যা বকে অভিযোগ থেকে বাদ দিয়ে তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হলে এর বিরুদ্ধে গত ১৫ অক্টোবর আদালতে বাদীপক্ষ নারাজি আবেদন করে। আগামী ১৫ ডিসেম্বর এ ব্যাপারে শুনানির তারিখ ধার্য করা হয়েছে।
কর্মসূচি: অপহরণের এক বছর উপলক্ষে লাকসাম উপজেলা ও পৌর বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে মানববন্ধন, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও প্রচারপত্র বিতরণ। এ ছাড়া দুই নেতার বিভিন্ন কর্মযজ্ঞ নিয়ে অপেক্ষা নামের একটি স্মরণিকাও প্রকাশ করে দলটি। রয়েছে পারিবারিক অনুষ্ঠানও।