চোখের সামনে দুই বান্ধবীর মৃত্যু দেখে নির্বাক আরেকজন

ফটিকছড়িতে গতকাল বুধবার ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় চাঁদের গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই দুই ছাত্রীর প্রাণ যায়। নিহতদের পরিবারে মাতম থামছে না। বৃহস্পতিবার দুপুরেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ির এসএসসি পরীক্ষার্থী সিমিকা আসফিন (১৬) ওরফে নাবিলা বারবার জ্ঞান হারাচ্ছিল। আবার জেগে ছটফট করছিল। প্রলাপ বকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ফটিকছড়ির সিঅ্যান্ডবি ফেলাগাজী মোড়ে গতকাল বুধবার দুপুরে চোখের সামনে দুই বান্ধবীকে দুর্ঘটনায় মরতে দেখার সেই দুঃসহ স্মৃতি বলার চেষ্টা করছিল। আবার নিস্তেজ হয়ে বিছানায় পড়ে যাচ্ছিল। এই অবস্থা দেখে উদ্বিগ্ন ও বিমর্ষ স্বজনেরাও।

সিমিকার চাচি শিমু আকতার বললেন, ‘মেয়েটা বেঁচেও নির্বাক। বারবার আঁতকে ওঠে। তার চোখের সামনে পিষে গেল দুই সহপাঠী। এই বীভৎসতার চিত্র তার চোখ আর মন থেকে কীভাবে ভোলাব, আমরা জানি না।’

আজ বৃহস্পতিবার সিমিকাকে সামলাতে যখন তার স্বজনেরা ব্যস্ত, তখন পাশের বাড়ির উঠান থেকে সিমিকার সহপাঠী মিশু আকতারের লাশ জানাজা ও দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কবরস্থানের দিকে। পাশের আরেক গ্রামের নিশা মনির লাশ তখন লাশবাহী গাড়ির ফ্রিজারে রাখা ছিল।

আরও পড়ুন

গতকাল দুপুরে ফটিকছড়িতে ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় ধানবোঝাই চাঁদের গাড়ি সড়কের পাশে মিশু ও নিশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার সময় তাদের পাশে থাকা সিমিকা প্রাণে বেঁচে যায়। তিনজনই হাইদচকিয়া উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার পর থেকেই তিন বাড়িতে দলে দলে শিক্ষক, সহপাঠী, গ্রামের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের ভিড়। মাতম থামছিল না আজ বৃহস্পতিবার দুপুরেও। নিহত নিশা মনির বাবা মুহাম্মদ লোকমান একমাত্র মেয়ের শেষ বিদায়ে ছুটে এসেছেন ওমান থেকে। দুপুর ১২টায় তিনি বাড়িতে পৌঁছে ছুটে যান উঠানে রাখা ফ্রিজারবাহী গাড়িতে মেয়ের লাশের কাছে। আদরের মেয়ের নিথর দেহ দেখে কান্না থামছিল না তাঁর। এ সময় চোখের জল মুছতে দেখা যায় স্বজন, সহপাঠী, গ্রামবাসী, শিক্ষক সবাইকে।

আমরা সড়কের এই নৈরাজ্যে শেষ হয়েছি। এসব বন্ধ করতে হবে। না হয় সবার স্বপ্ন এভাবে শেষ হয়ে যাবে পথে।
নিশার চাচা জসিম উদ্দিন

পরিবারের সদস্য, শিক্ষক ও প্রত্যক্ষদর্শীরা বলেন, দশম শ্রেণির ক্লাসের নির্ধারিত অ্যাসাইন্টমেন্ট জমা দিয়ে বাড়ি ফিরছিল তিন বান্ধবী। স্কুল থেকে প্রায় ৩০০ গজ দূরে তারা বাড়ি ফেরার গাড়ির জন্য অপেক্ষা করছিল। এমন সময় ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে ধানের বস্তাবোঝাই একটি চাঁদের গাড়ি উল্টে গিয়ে তাদের চাপা দেয়।

এই সড়কের চালকদের অভিযোগ, ট্রাফিক পুলিশ তল্লাশিচৌকির নামে গাড়ি আটকে প্রতি গাড়ি থেকে ২০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত চাঁদা নেন। চাহিদামতো চাঁদা না দিলে মামলা দিয়ে হয়রানি করেন। পুলিশকে চাঁদা না দিয়ে চাঁদের গাড়িটি পালানোর সময় দুর্ঘটনাটি ঘটেছে বলে তাঁদের ভাষ্য।

নিশার চাচা জসিম উদ্দিন বলেন, ‘আমরা সড়কের এই নৈরাজ্যে শেষ হয়েছি। এসব বন্ধ করতে হবে। না হয় সবার স্বপ্ন এভাবে শেষ হয়ে যাবে পথে।’ মিশুর চাচা আইয়ুব আলী বলেন, ‘আমাদের দুই মেয়েকে যাদের জন্য জীবন দিতে হয়েছে, তাদের বিচার করতে হবে। পুলিশের চাঁদাবাজির কারণে মেয়ে দুটিকে জীবন দিতে হয়েছে। আমরা চালকের পাশাপাশি চাঁদাবাজ পুলিশেরও শাস্তি দেখতে চাই।’

হাইদচকিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বি গোলাম নুর প্রথম আলোকে বলেন, দুই শিক্ষার্থীর নির্মম মৃত্যুর ঘটনায় তাঁরা বাক্‌রুদ্ধ। তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।

সড়কে পুলিশের চাঁদাবাজি প্রসঙ্গে জেলা পুলিশের হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, অভিযোগের বিষয়টি প্রমাণিত হলে চাঁদাবাজ যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।