চোর ধরতে বানানো ফাঁদে মারা গেলেন নিজেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপমৃত্যু
প্রতীকী ছবি

চোর ধরতে ফাঁদ হিসেবে রিকশায় বিদ্যুৎ–সংযোগ দিয়ে রেখেছিলেন বাবু মিয়া (৩০)। নিজের তৈরি এ ফাঁদে অসতর্কতায় হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

গতকাল রোববার গভীর রাতে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের দামুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া বাবু মিয়া একই গ্রামের গোলাম হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি দামুয়া গ্রাম ও আশপাশের এলাকায় গভীর রাতে রিকশা চুরি বেড়ে গেছে। এ কারণে গতকাল রাতে চালানো শেষ করে রিকশা বাড়ির ভেতরে রাখেন বাবু মিয়া। এরপর রিকশার সঙ্গে বাড়ির বৈদ্যুতিক তারের সংযোগ দিয়ে শুয়ে পড়েন। গভীর রাতে বাবু মিয়া ঘর থেকে বের হয়ে মনের অজান্তে রিকশায় হাত দেন। এতে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।

শেরপুর শহরের রিকশাচালক সাইদুর রহমান ও মাজেম উদ্দিন জানান, উপজেলার বিভিন্ন গ্রামে গভীর রাতে রিকশা চুরির প্রবণতা বেড়েছে। সংঘবদ্ধ চোর ধরতেই রিকশাচালকেরা বাড়িতে রিকশা গ্যারেজ করে বিদ্যুৎ–সংযোগ দিয়ে রাখেন।

গাড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দবির উদ্দিন জানান, চোর ধরতে নিজের তৈরি ফাঁদে নিজেরই এমন মৃত্যু তাঁর ইউনিয়নে আগে কখনো ঘটেনি।