চোর সন্দেহে যুবককে মারধরের ভিডিও ভাইরাল, চেয়ারম্যানের ভুল স্বীকার
সাইকেলচোর সন্দেহে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এক যুবককে মারধর করছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ১৭ অক্টোবরের এ ঘটনায় গতকাল বুধবার ওই যুবক ও তাঁর বড় ভাইকে ইউপি ভবনে ডেকে ভুল স্বীকার করেছেন চেয়ারম্যান শহীদ রানা।
ইউপি চেয়ারম্যান শহীদ রানার ভাষ্য, ১৭ অক্টোবর দুপুরের পর লোকজন সাইকেল চুরির অভিযোগে হরিশপুর গ্রামের শহিদুল ইসলামকে (৩০) বেঁধে নিয়ে আসেন। লোকজন অভিযোগ করতে থাকেন, শহিদুল মাদকসেবী। আগেও তিনি বাইসাইকেল ও মুঠোফোন চুরি করেছেন। লোকজন খুব মারমুখী ছিলেন। তখন লোকজনকে শান্ত করতে তিনি লাঠি দিয়ে দু-তিনবার আঘাত করেছেন। নইলে শহিদুল গণপিটুনির শিকার হতেন।
শহীদ রানার অভিযোগ, শহিদুলক মারধরের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন সাইকেলের মালিক। তিনি তাঁর প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান ওমর আলীর আত্মীয়। তাঁরাই ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবে ছড়িয়ে দিয়েছেন।
মুঠোফোনে শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় লুঙ্গিতে আটকে সাইকেলটি পড়ে যায়। সাইকেলটি উঠিয়ে রাখতে দেখে লোকজন আমাকে বেঁধে মারতে শুরু করে। পরে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। চেয়ারম্যানও লাঠিপেটা করেন। এখন চেয়ারম্যান ভুল স্বীকার করায় আমার আর কোনো অভিযোগ নেই।’
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, এক যুবককে চেয়ারম্যান শহীদ রানার মারধর করার ভিডিও তিনি দেখেছেন, তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি।