চোরের বোধোদয়
কয়েক দিন আগে স্থানীয় মসজিদে বসানো সাবমারসিবল পানির পাম্প চুরি হয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও উদ্ধার করা যায়নি পাম্পটি। এ জন্য পানির বিকল্প ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছিলেন মসজিদ কমিটির লোকজন। পাশাপাশি জামাতে নামাজ আদায়ের সময় মসজিদের জিনিস চুরির বিষয়ে সতর্ক করে পাম্পটি ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়। এভাবে সফল হয়েছেন তাঁরা।
চুরির কাজটি ঠিক হয়নি, এমন বোধোদয় হওয়ায় গতকাল শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় মসজিদে পাম্পটি রেখে যান চোর। রাজশাহীর বাগমারা উপজেলার কাছারি কোয়ালীপাড়া ইউনিয়নের মোহনপুর পশ্চিমপাড়া মসজিদে এ ঘটনা ঘটেছে।
এলাকার লোকজন জানিয়েছেন, মোহনপুর পশ্চিমপাড়া মসজিদে বাগমারা উপজেলা পরিষদ থেকে একটি সাবমারসিবল পানির পাম্প বসানো হয়েছিল। পাম্পটি থেকে মসজিদে পানি সরবরাহ করা হতো। ১০ দিন আগে এ পাম্প চুরি হয়ে যায়। ফজরের নামাজের সময় মুসল্লিরা মসজিদে এসে বিষয়টি টের পান। এর পর থেকে পাম্প উদ্ধার ও চোর শনাক্তে মসজিদ কমিটির লোকজন তৎপরতা চালান। পাশাপাশি জামাতে নামাজ আদায়ের সময় মসজিদের জিনিস চুরির বিষয়ে সতর্ক করে পাম্পটি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। একপর্যায়ে মসজিদ কমিটির পক্ষ থেকে নতুন করে পানির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়। এরপর আজ শনিবার ভোরে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করতে গিয়ে দেখেন, মসজিদের বাইরে থাকা একটি বেঞ্চে চুরি হওয়া পানির পাম্পটি রাখা।
স্থানীয় বাসিন্দা আবদুল লতিফ জানান, রাতের কোনো এক সময়ে চুরি হওয়া পাম্পটি রেখে যাওয়া হয়েছে। বোধোদয় হওয়ায় চোর হয়তো এমনটা করেছেন। মসজিদ কমিটির সভাপকি আকরাম হোসেন বলেন, ‘পানির পাম্প চুরি হওয়ায় কয়েক দিন মুসল্লিদের অজুসহ পানি ব্যবহারে বিভিন্ন সমস্যা হচ্ছিল। মসজিদের জিনিস চুরি হবে আবার চোর এভাবে সেটা রেখে যাবেন, তা ভাবতে পারিনি।’
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, তিনি বিষয়টি জানেন না। এ বিষয়ে থানায় কিছু জানানো হয়নি।