যশোরের চৌগাছা উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের বেড়গোবিন্দপুর ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসীর একাংশ। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে।
১১ নভেম্বর যশোরের চৌগাছা উপজেলার সদর ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের আগে ৬ নম্বর ওয়ার্ডের বেড়গোবিন্দপুর ভোটকেন্দ্র স্থানান্তর করার উদ্যোগ নিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এ ঘটনায় এলাকাবাসী দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। একাংশ মানববন্ধন ও বিক্ষোভ করে প্রতিবাদ শুরু করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, চৌগাছা সদর ইউনিয়নের সদস্যপদপ্রার্থী মহব্বত আলী ও সংরক্ষিত সদস্য প্রার্থী শাহানারা খাতুনকে বিশেষ সুবিধা দিতেই কৌশলে তাঁদের বাড়িসংলগ্ন মাদ্রাসায় ভোটকেন্দ্র স্থানান্তর করা হচ্ছে। জনস্বার্থ বিবেচনায় কেন্দ্রটি আগের স্থানে বা কমিউনিটি ক্লিনিকে স্থানান্তর করার দাবি জানাচ্ছেন তাঁরা।
মানববন্ধন শেষে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে একটি স্মারকলিপিও দেওয়া হয়েছে। এলাকাবাসীর পক্ষে এতে স্বাক্ষর করেন ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী বাবুল আক্তার, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান, বর্তমান সভাপতি নাজিম উদ্দীন সরদার, সাধারণ সম্পাদক আবদুর রশিদ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান ও সাধারণ সম্পাদক তবিবর রহমান।
এ বিষয়ে যশোর জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর বলেন, ভোটকেন্দ্র স্থানান্তরের আপত্তি জানিয়ে স্থানীয় লোকজন স্মারকলিপি দিয়েছেন। নির্বাচনী নীতিমালা অনুযায়ী, সপ্তাহ দুয়েক আগে ভোটকেন্দ্র পরিদর্শন করে নতুন কেন্দ্রের নাম-ঠিকানাসহ প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।