চৌদ্দগ্রামে মুঠোফোনের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক খুন
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মুঠোফোন কেনাকে কেন্দ্র করে আবদুর রউফ ওরফে নয়ন নামের (৩৮) এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রউফ একই গ্রামের প্রয়াত আবদুল গফুরের ছেলে। তাঁর তিন ছেলে ও ৯ মাস বয়সী এক মেয়ে আছে। তিনি ওই এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে পার্শ্ববর্তী ফুলগ্রাম এলাকা থেকে এক যুবক মুঠোফোন বিক্রি করতে রউফের বাড়িতে আসেন। কিন্তু মুঠোফোন বিক্রির সময় একই এলাকার আবুল কালাম নামের এক যুবক বাধা দেন। এ নিয়ে কালাম ও রউফের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। আজ সকালে রউফ তাঁর বাড়ির পশ্চিম পাশের পুকুরপাড়ে গেলে কালাম হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রউফের বুকের বাঁ পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যান। রউফের চিৎকারে তাঁর বোন আসমা আক্তার তাঁকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা বলেন, নিহত রউফের বুকের বাঁ পাশে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়। মৃত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হয়।
রউফের মা সবুরা বেগম তিন নাতিকে কোলে নিয়ে আহাজারি করতে করতে বলেন, ‘আমার চার নাতির কী হবে? কে করবে তাদের ভরণ—পোষণ। আমার ছেলে রাজমিস্ত্রি করে দিনে এনে দিনে খায়। ছেলের কোনো শক্র নেই।’ নিহত রউফের মামাতো বোন আনোয়ারা বেগম বলেন, খবর শুনে তিনি বাড়িতে আসেন। রউফকে যিনি ছুরিকাঘাত করে হত্যা করেছেন, তিনি তাঁর ফাঁসি চান।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা প্রথম আলোকে বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।