চৌমুহনীর হামলা-ভাঙচুরের ঘটনাকে বর্বর বললেন ১৪ দলের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চৌমুহনীতে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্থ মন্দির পরিদর্শন শেষে গণমাধ্যককর্মীদের সঙ্গে মতবিনিময়ে বক্তব্য রাখছেন ফজলে হোসেন বাদশা। বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী জেলা সার্কিট হাউসে
প্রথম আলো

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে হিন্দুদের মন্দির, দোকানপাট ও বাড়িঘরে হামলা-ভাঙচুর এবং দুজন নিহত হওয়ার ঘটনাকে বর্বর হিসেবে অভিহিত করেছেন ১৪ দলের নেতারা। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি যেই হোক না কেন, তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছেন তাঁরা।

বৃহস্পতিবার দুপুরে ১৪ দলের নেতারা হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরে বিকেলে ১৪ দলের নেতারা জেলা সার্কিট হাউস মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ে সূচনা বক্তব্য দেন আওয়ামী লীগের সাংসদ অসীম কুমার উকিল। তিনি বলেন, ‘আমরা আজ যা দেখে এসেছি, তা অবর্ণনীয়। ইতিপূর্বে এ ধরনের জঘন্য ঘটনা কোথাও ঘটেনি। আমরা সবাই মিলে এই পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করব।’

পরিদর্শনের বিস্তারিত উল্লেখ করে ১৪ দলের পক্ষ থেকে বক্তব্য দেন দলনেতা সাংসদ ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, ‘আজকে আমরা সবাই মিলে যা দেখেছি, এর বিরুদ্ধে ঘৃণা আর প্রতিবাদ জানানোর ভাষা নেই। একটা বর্বর ঘটনা ঘটেছে। আজকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যদি এ ধরনের নিপীড়ন হয়, তাহলে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতা কোথায় যাবে, সেটা আমাদের ভেবে দেখতে হবে।’

মতবিনিময়ে আওয়ামী লীগের সাংসদ অসীম কুমার উকিল বলেন, ‘আমরা আজ যা দেখে এসেছি, তা অবর্ণনীয়। ইতিপূর্বে এ ধরনের জঘন্য ঘটনা কোথাও ঘটেনি। আমরা সবাই মিলে এই পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করব।’

সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, ‘আমরা স্থানীয় প্রশাসনকে স্পষ্ট ভাষায় বলেছি, যারা এই বর্বর কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, যাদের নাম আপনাদের তদন্তে আসবে, সে যেই হোক, তাকে গ্রেপ্তার করবেন। কোনো প্রকারের দেনদরবার, তদবির, অনুরোধ কোনো কিছুই আপনারা শুনবেন না। আমরা বলতে চাই, এবারের ঘটনার সঙ্গে জড়িতদের যদি একটা দৃষ্টান্তমূলক পরিসমাপ্তি ঘটে, তাহলে সংখ্যালঘু মানুষেরা আস্থার জায়গা ফিরে পেতে পারে। আর এবার যদি আমরা এ ক্ষেত্রে সে রকম ভূমিকা রাখতে না পারি, তাহলে আস্থার জায়গা ফিরিয়ে আনা অনেক কঠিন হবে।’

চৌমুহনীতে হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্থ মন্দির পরিদর্শন করে বের হয়ে আসছেন ১৪ দলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে চৌমুহনীর দক্ষিণ বাজারের রাম ঠাকুরের আশ্রমে
প্রথম আলো

১৪ দলের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, ন্যাপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসীন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ, গণ আজাদী লীগের সভাপতি এস কে সিকদার, কেন্দ্রীয় বাসদের সদস্য হামিদুল কিবরিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মো. তৌহিদুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচ এম খায়রুল আনম চৌধুরী। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান। গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে একই স্থানে ১৪ দলের নেতারা হিন্দু সম্প্রদায়ের নেতা ও ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্দির ব্যবস্থাপনা কমিটির নেতাদের সঙ্গে একান্তে মতবিনিময় করেন।

এর আগে বেলা আড়াইটায় ১৪ দলের নেতারা চৌমুহনীতে পৌঁছান। এ সময় তাঁরা গত শুক্রবার হামলা-ভাঙচুরে ক্ষতিগ্রস্ত মন্দির, দোকানপাট, বাড়িঘর পরিদর্শন করেন এবং হামলায় নিহত দুজনের স্বজনদের সঙ্গে কথা বলেন। তাঁরা মন্দির পরিদর্শনকালে সেই দিনের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ১৪ দলের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সম্প্রীতির লক্ষ্যে মতবিনিময় সভা

চৌমুহনীতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও পূজামণ্ডপে হামলার পরিপ্রেক্ষিতে শান্তি ও সম্প্রীতির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির উদ্যোগে শহরের বাদামতলা সড়কে সমিতির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মামুনুর রশীদ কিরণ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম জাফর উল্যাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম, চৌমুহনী পৌরসভার মেয়র খালেদ সাইফুল্যাহ। সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতির সভাপতি মেহের উল্যাহ।