চৌহালীতে দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষ বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি
প্রতীকী ছবি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেতিল স্কুল ও কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে সহকারী প্রধান শিক্ষক হাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পরিচালনা পর্ষদ সূত্রে জানা যায়, চৌহালী উপজেলার বেতিল বহুমুখী উচ্চবিদ্যালয়ে অধ্যক্ষ পদে আখতারুজ্জামান যোগদানের পর থেকে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করেন। বিশেষ করে স্কুল ও কলেজের খরচের নামে ভুয়া বিল-ভাউচার দিয়ে নানা সময়ে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেন। শিক্ষক-কর্মচারীদের সঙ্গে তাঁর অশোভনীয় আচরণ এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে পরিচালনা পর্ষদ। পরে বিধি মোতাবেক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পাঁচ সদস্যবিশিষ্ট নিরীক্ষা কমিটি গঠন করে। ২৩ থেকে ২৬ মে এই নিরীক্ষা কার্যক্রম চলে। এতে অধ্যক্ষ আখতারুজ্জামান বিদ্যালয় থেকে ২০ লাখ ১১ হাজার ৪১২ টাকা ও কলেজশিক্ষকদের বেতন বাবদ ১ লাখ ৩১ হাজার ৫০০ টাকা আত্মসাৎ করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

নিরীক্ষা কমিটির আহ্বায়ক ও প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য রফিকুল ইসলাম বলেন, তদন্তে অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে। বিধি মোতাবেক গত বুধবার পরিচালনা পর্ষদের সভায় সবার সিদ্ধান্তে অধ্যক্ষ আখতারুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে আখতারুজ্জামান বলেন, ‘সাময়িক বরখাস্তের বিষয়ে শুনেছি। কিন্তু আমি এক টাকার অনিয়ম বা দুর্নীতি করিনি। আমি নতুন করে তদন্ত চাইব।’

অর্থ আত্মসাৎ করে অধ্যক্ষ প্রতিষ্ঠানের সব চাবি নিয়ে গেছেন বলে অভিযোগ করেন পরিচালনা পর্ষদের সভাপতি শেখ আবদুস ছালাম। তিনি বলেন, করোনাকালে অনলাইন ক্লাসসহ দাপ্তরিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে। তদন্তে দুর্নীতি প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অফিসকক্ষের চাবিসহ প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শুক্রবার দুপুরে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফসানা ইয়াসমিন প্রথম আলোকে বলেন, অভিযোগের বিষয়ে মৌখিকভাবে তিনি জেনেছেন। সাময়িক বরখাস্তের কপি এখনো তিনি হাতে পাননি। বিষয়টি তদন্ত করে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।