চড়ুই পাখিদের জন্য ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসায়ীদের বেঁধে দেওয়া বাসায় ছানার জন্য খাবার নিয়ে এসেছে চড়ুই পাখি। খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী নতুন বাজারে
ছবি: প্রথম আলো

চড়ুই পাখিদের জন্য নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে কাগজের বাক্স দিয়ে বাসা বেঁধে দিয়েছেন খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী নতুন বাজারের কয়েকজন ব্যবসায়ী। ওই বাসায় চড়ুই পাখিরা খড়কুটো নিয়ে বসবাস করছে।

আজ রোববার সকালে বোয়ালখালী নতুনবাজারের কালীমন্দিরের সামনে অবস্থিত দ্বিতল ভবনের নিচতলায় অবস্থিত ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দেখা যায়, ব্যবসাপ্রতিষ্ঠানের শাটারের ওপরে ও পাশে কাগজের বাক্স দিয়ে চারটি বাসা তৈরি করা হয়েছে। বাসাগুলোতে আলাদা কক্ষও করা হয়েছে। চড়ুই পাখিরা ব্যবসায়ীদের বেঁধে দেওয়া বাসায় খাবার ও খড়কুটো নিয়ে ঢুকছে, আবার কিছুক্ষণ পর বের হয়ে যাচ্ছে। খাবার নিয়ে এসে ছানার মুখে খাবার তুলে দিচ্ছে। তিন মাস আগে ব্যবসায়ীরা চড়ুই পাখিদের জন্য এ বাসা তৈরি করে দিয়েছেন।

ইলেকট্রনিকের ব্যবসায়ী নয়ন বড়ুয়া ও কুলিং কর্নারের মালিক অনুপম মহাজন বলেন, ‘আমরা দুই মাস আগে কাগজের বাক্স দিয়ে চড়ুই পাখিদের জন্য বাসাগুলো তৈরি করে দিয়েছি। বাসাগুলোতে চড়ুইয়ের ছানাও ফুটেছে। ছানাগুলো বড় হয়েছে। আমরা শুধু বাক্সগুলো বেঁধে দিয়েছি। চড়ুই পাখিরা বাক্সে খড়কুটো এনে বসবাসযোগ্য করে তুলেছে। এখন বাক্সগুলোতেই চড়ুই পাখিরা বসবাস করছে।’

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কবাখালী ইউনিয়ন পরিদর্শক মো. আবদুর রহমান বলেন, ‘চড়ুই পাখিদের জন্য ব্যবসায়ীদের বাসা তৈরি করে দেওয়ার উদ্যোগ ও বাসাগুলো দেখে খুবই ভালো লেগেছে। এটা পাখিদের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।’