ছত্রাকনাশকে পুড়ল খেত, আলুচাষিরা দিশাহারা

যে দোকান থেকে চাষিরা এ ছত্রাকনাশক ওষুধ কিনেছিলেন, সে দোকানও এখন বন্ধ।

রংপুর নগরের সিলিমপুর এলাকায় ছত্রাকনাশক প্রয়োগ করায় আলুখেত নষ্ট হয়েছেপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর নগর এলাকায় ৭০ জন চাষির প্রায় ৬০ একর জমির উঠতি আলু ঝলসে গেছে। চাষিদের অভিযোগ, ছত্রাকনাশক ওষুধ ব্যবহারের পর থেকে খেতের আলুগাছ পুড়ে যাচ্ছে। যে দোকান থেকে তাঁরা এ ছত্রাকনাশক ওষুধ কিনেছিলেন, সে দোকানও বন্ধ।

কৃষকেরা এ ঘটনার প্রতিকার চেয়ে ২ মার্চ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কাছে আবেদন করেছেন। এর অনুলিপি কৃষিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট বিভাগেও পাঠানো হয়েছে।

লিখিত আবেদন থেকে জানা গেছে, চলতি মৌসুমে রংপুর নগরের ৩১ নম্বর ওয়ার্ডের সিলিমপুর, ফতেপুর, ভুরাঘাট ও দুর্গাপুর গ্রামে ৭০ জন চাষি প্রায় ৬০ একর জমিতে আলু চাষ করেছেন। খেত থেকে আর কিছুদিন পর আলু তোলা যেত। এমন অবস্থায় আলুখেতে পোকার আক্রমণ দেখা দেয়। স্থানীয় চাষিরা আলুখেতের পচন রোধে স্থানীয় ভুরাঘাট বাজারের ‘মায়ের দোয়া’ সার ঘর থেকে গেটকো ক্রপ হেলথ কোম্পানির ছত্রাকনাশক ‘জি-সাইন ৫০ ডব্লিউপি’ কিনে জমিতে ছিটান। ওষুধ ছিটানোর পর এক সপ্তাহের মধ্যে আলুগাছ ঝলসে যাওয়া শুরু করে। যে দোকান থেকে ওষুধ কিনেছেন, ওই দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে দোকানমালিক ওসমান মিয়া গা ঢাকা দিয়েছেন।

গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, যেখানে সবুজ আলুগাছ খেতজুড়ে থাকার কথা, সেখানে শুধু ঝলসানো পাতা। মাটি খুঁড়ে অপরিপক্ব আলু দেখা যায়। ছিলিমপুর গ্রামের আতাউর রহমান ১ একর ১৩ শতাংশ জমিতে আলু চাষ করেছেন। এই এলাকায় আলুর ফলন ভালো হয়, তাই তিনি জমি বর্গা নিয়ে আলুর চাষ করেছেন। তিনি বলেন, ‘সর্বনাশ হয়া গেল। হামারগুলার পথোত বসা ছাড়া আরও কোনো উপায় নেই। কোনো আলু পাইনো না, ঋণ করিয়া আলু চাষ করছি। সেই টাকাও শোধ দেমো কেমন করি?’

মায়ের দোয়া দোকানে গেলে তা বন্ধ পাওয়া যায়। তাঁর মুঠোফোনও বন্ধ। গেটকো ক্রপ হেলথ কোম্পানির রংপুর অঞ্চলের ব্যবস্থাপক হাশেম আলী বলেন, তাঁদের ওষুধের কারণে এমনটা হয়েছে, তা এ মুহূর্তে বলা সম্ভব নয়। তাঁরা নমুনা সংগ্রহ করে ঢাকার ল্যাবে পাঠিয়েছেন।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুর রহমান মণ্ডল এ বিষয়ে বলেন, খেতে আলুর গাছ, এমনকি ঘাস পর্যন্ত পুড়ে গেছে। কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাটি, আলু ও ব্যবহার করা ছত্রাকনাশকের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরপর বিষয়টি বোঝা যাবে।