ছবিটি এখন কেবলই স্মৃতি
ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন ফরিদা আক্তার। জয়-পরাজয় নির্ধারণের আগেই সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তাঁকে। তাঁর সঙ্গে মারা গেলেন মেয়ে মারিয়া ও বোন ফেরদৌসীসহ পাঁচজন। মৃত্যুর আগে তিনজনের তোলা একটি ছবি এখন স্বজনের কাছে স্মৃতি হয়ে গেছে।
ফরিদা আক্তারের (৩৫) বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায়। স্বামী মোর্শেদ আলম কুয়েতপ্রবাসী। কয়েক মাস আগে জরায়ুর ক্যানসারে আক্রান্ত হন তিনি। চিকিৎসা নিচ্ছিলেন সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে।
ফরিদার ভাই জাবেদ আলী মুঠোফোনে বলেন, তাঁর বোন খাজা ইউনুস আলী হাসপাতাল থেকে তিনটি কেমোথেরাপি নিয়েছেন। চতুর্থ কেমোথেরাপিটি নেওয়ার জন্য গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে অ্যাম্বুলেন্সে করে সিরাজগঞ্জের উদ্দেশে যাত্রা করেন। সঙ্গে ছিল দুই মেয়ে মারিয়া (১৬) ও মাহি (৭), বড় বোন ফেরদৌসী আক্তার ও ভাইয়ের ছেলে মারুফ (১৮)। সকাল ৭টার দিকে নাশতা শেষে তাঁরা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে সর্বশেষ তাঁর সঙ্গে কথা বলেন। সেখান থেকে কিছুদূর যাওয়ার পথে তাঁদের বহনকারী অ্যাম্বুলেন্সের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ফরিদা আক্তার, মেয়ে মারিয়া, বড় বোন ফেরদৌসী, অ্যাম্বুলেন্সের চালক সাদ্দাম ও চালকের সহকারী জুয়েল মারা যান। গুরুতর আহত হন ফরিদার সাত বছরের মেয়ে মাহি ও ভাতিজা মারুফ। তাঁরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
জাবেদ আলী বলেন, সন্তানদের জন্য ফরিদার বেঁচে থাকার খুব আকাঙ্ক্ষা ছিল। সিরাজগঞ্জ থেকে চিকিৎসা করাচ্ছিলেন। আগের কেমোথেরাপিগুলো সফলভাবে নিতে পেরে আশাবাদী হয়ে উঠেছিলেন তাঁর বোন। এবারের কেমোটি নেওয়ার জন্য যাত্রাপথেই বোনের জীবন থেমে গেল।
ঘটনার ঘণ্টা দুয়েক পর পুলিশের মাধ্যমে চট্টগ্রামে খবর পান ফরিদার পরিবারের লোকজন। আগ্রাবাদ এলাকায় ফরিদার শ্বশুরবাড়ি ও দক্ষিণ হালিশহর এলাকায় ফরিদার বাবার বাড়িতে কান্নার রোল পড়ে যায়। পরিবারের লোকজন দুপুরের আগেই লাশ নিতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন।