ছবিতে নগরের মুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালািরতে চলছে প্রদর্শনী ‘আত্ম/পরিচয়’ l ছবি: প্রথম আলো
জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালািরতে চলছে প্রদর্শনী ‘আত্ম/পরিচয়’ l ছবি: প্রথম আলো

প্রদর্শনকক্ষের প্রবেশমুখেই একটি দেয়াল। দেখলেই মনে হয় রাস্তার পাশের আঁকিবুঁকি করা দেয়ালগুলোর একটি। সেই আঁকিবুঁকিতেই ফুটে উঠেছে নগরের প্রতিচ্ছবি। দেয়াল পেরোলেই ঘুটঘুটে অন্ধকার। অন্ধকারের মধ্যে সবুজ লেজার রশ্মি। লোহার ফ্রেম ও কালো পর্দার জ্যামিতিক বিন্যাসের স্থাপনাকর্মগুলো যেন পরস্পর যুক্ত করেছে এই লেজার রশ্মি দিয়ে। ফ্রেমের গায়ে লেখা হলি আর্টিজান বেকারিতে নিহত ব্যক্তিদের নাম। এরপরই মূল প্রদর্শনকক্ষ। সেখানে চারদিকে বিভিন্ন মাধ্যমে তৈরি স্থাপনাকর্মের মাঝে চলছে পারফরম্যান্স আর্ট।

জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে চলছে ‘আত্ম/পরিচয়’ নামে নবীন শিল্পীদের কাজ নিয়ে দৃশ্যশিল্প প্রদর্শনী। প্রথম আলোর ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই দৃশ্যশিল্প প্রদর্শনীতে গতকালও দর্শকের কমতি ছিল না। কেউ মেঝেতে বসে বিভিন্ন দিক থেকে বোঝার চেষ্টা করছেন শিল্পকর্মগুলো, কেউ সেলফি তুলছেন, কেউ বন্ধুদের সঙ্গে আলাপে যুক্ত হচ্ছেন শিল্পকর্ম নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাসের ছাত্র ফয়সাল মাহমুদ বলেন, ‘গতানুগতিক ধারা বাদ দিয়ে একটি ব্যতিক্রমী মাধ্যমে শিল্পকর্মগুলো করা হয়েছে। বেশির ভাগ শিল্পকর্মেই এই সময়ের নগরজীবনের পরিচয় উঠে এসেছে।’

প্রদর্শনী দেখতে দেখতে একজন দর্শকের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে হেসে বলেন, তিনি দর্শক তো বটেই, এই প্রদর্শনীতে অংশ নেওয়া একজন শিল্পীও। নাম রাজিব দত্ত। প্রবেশমুখেই দেয়ালের শিল্পকর্মটিতে অংশগ্রহণ করেছেন তিনি। শিল্পী বললেন, তিনি ছাড়াও এই শিল্পকর্মে কয়েকজন শ্রমিকেরও আছে অংশগ্রহণ। শিল্পকর্মটি তৈরির ইতিহাস জানতে চেয়েছিলাম প্রদর্শনীর কিউরেটর শিল্পী ওয়াকিলুর রহমানের কাছে। তিনি বললেন, এটি শিল্পীর আগের কোনো শিল্পকর্ম নয়। পুরো প্রদর্শনীস্থলটি ডিজাইনের সময় এ রকম একটি সাদা দেয়াল তৈরি করা হয়। তারপর শিল্পীকে তাঁর পূর্ণ স্বাধীনতা দিয়ে এর ওপর কাজ করতে বলা হয়। শিল্পী রাজীব দত্তকে এ প্রস্তাব দেওয়ার পর তিনি কী ভাবলেন তা জানতে চাইলে বলেন, ‘প্রথমে ভেবেছিলাম একটি ভিন্ন ভাষা তৈরি করব। মুহূর্তেই নগরের দেয়ালের কথা মনে পড়ল। সেটাকেই ফর্ম হিসেবে ধরে নগরের বিভিন্ন বিষয়কে বিদ্রূপাকারে দেখানোর চেষ্টা করেছি।’

অনূর্ধ্ব ৩৫ বছরের ২৬ জন শিল্পীর শিল্পকর্ম রয়েছে প্রদর্শনীতে। আছে চিত্রকলা, ভাস্কর্য, গ্রাফিক ডিজাইন, আলোকচিত্র, ভিডিও চিত্র, স্থাপনা, আলো, শব্দসহ বিভিন্ন মাধ্যমের কাজ। এর সঙ্গে প্রতিদিন সন্ধ্যায় আছে পারফরম্যান্স আর্ট। সব মিলিয়ে মোট ৪৩ জন শিল্পীর যুক্ততা রয়েছে এই প্রদর্শনীতে।

গতকাল ছিল শিল্পী অতীশ সাহার পারফরম্যান্স আর্ট। আজ থাকবে তরুণ শিল্পীদের নিজেদের কবিতা পাঠ, বাদ্যযন্ত্র বাজানো ইত্যাদি। শিল্পী ওয়াকিলুর রহমান বলেন, আশির দশকের পরের নতুন প্রজন্মের শিল্পীদের নেওয়া হয়েছে প্রদর্শনীতে। তাঁরা স্থানীয়, ঐতিহাসিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও বৈশ্বিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন। এতে তাঁদের একটা ভিন্ন মানসিকতা তৈরি হয়েছে। সে বিষয়টিকে বিবেচনায় রাখা হয়েছে।

প্রদর্শনী খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা এবং শুক্রবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত।

​