ছাগলনাইয়ায় পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠানগড় গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর (৬) মৃত্যু হয়েছে। তার নাম সুরাইয়া আক্তার। সে পশ্চিম পাঠানগড় গ্রামের বেলাল আহম্মেদের মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল। আজ সোমবার সকালে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে সে ডুবে যায়।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সকালে সুরাইয়া বাড়ি থেকে নিজ এলাকার মাদ্রাসায় যায়। সেখান থেকে ফিরে বেলা ১১টার দিকে অন্য এক শিশুর সঙ্গে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায়। পুকুরে নামার পর সে আর উঠতে পারেনি। পরে বাড়ির লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুরাইয়াকে মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।