ছাগলনাইয়ায় মোটরসাইকেলের ধাক্কায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, চালক আটক
ফেনীর ছাগলনাইয়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে। আজ রোববার বেলা একটায় উপজেলা সদরের ছাগলনাইয়া-শুভপুর সড়কের সুবেদারী রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম মারিয়া আক্তার (৭)। সে ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের অটোরিকশাচালক শাহ আলমের মেয়ে ও স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। একই ঘটনায় মরিয়ম আক্তার (৮) নামের আরেক শিশু গুরুতর আহত হয়েছে। আহত মরিয়মকে ফেনী জেনারেল হাসপাতাল থেকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন মোটরসাইকেলসহ ওই চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। ওই ব্যক্তির নাম মনির আহম্মদ (৪২)। তিনি ছাগলনাইয়া উপজেলার সদরের মুঠোফোন ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুরে ওই দুই শিশু রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ছাগলনাইয়ার দিক থেকে শুভপুরের দিকে যাওয়ার সময় দুই শিশুকে ধাক্কা দেয়। এতে দুই শিশুই মারাত্মকভাবে আহত হয়। চালকও গতি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের ওপর পড়ে আহত হন।
এ সময় স্থানীয় লোকজন দুই শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন।
মারিয়ার বাবা শাহ আলম মুঠোফোনে প্রথম আলোকে জানান, মারিয়া তার মায়ের কাছ থেকে টাকা নিয়ে প্রতিবেশী মরিয়মকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি দোকানের যাচ্ছিল। দোকানে পৌঁছার আগেই দুর্ঘটনা ঘটে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলসহ চালককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।