মৌলভীবাজারের কমলগঞ্জে সোমবার ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। পরিবারের অভিযোগ, ওই যুবকের খেতের ধান খাচ্ছিল একটি ছাগল। এ নিয়ে ছাগলমালিকের সঙ্গে তর্কাতর্কির জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ ছাগলের মালিককে আটক করেছে।
নিহত ব্যক্তির নাম শহীদ মিয়া (৩৬)। তিনি উপজেলার কাঁঠালকান্দি গ্রামের হামিদ মিয়ার ছেলে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম দুদু মিয়া। তিনি একই গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শহীদ মিয়ার জমিতে রোপণ করা ধান খাচ্ছিল দুদু মিয়ার মালিকানাধীন একটি ছাগল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে শহীদ মিয়ার ওপর হামলা করেন দুদু মিয়া ও তাঁর ভাই বাচ্চু মিয়া। এ সময় ছুরিকাঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন শহীদ মিয়া। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাঁকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালে আনার আগেই শহীদ মিয়ার মৃত্যু হয়েছিল।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি থানায় আনা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যায় ছাগলমালিক দুদু মিয়াকে আটক করা হয়েছে। থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।