ছাগলের খামারে হামলা, দুটি মেছো বাঘ পিটিয়ে হত্যা করল গ্রামবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোমবার সন্ধ্যায় মেছো বাঘ দুটিকে আটকে পিটিয়ে হত্যা করা হয়।
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের চৌকাতলী গ্রামের বেড়িবাঁধ এলাকায় দুটি মেছো বাঘ পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। আজ সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ওই এলাকায় একটি ছাগলের খামারে আক্রমণ করে তিনটি মেছো বাঘ। পরে স্থানীয় লোকজন দুটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেন।

এ নিয়ে গত এক সপ্তাহে সন্দ্বীপে তিনটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করা হলো। এর আগে গত শনিবার উপজেলার মগধরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছোল্লারহাট এলাকায় একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেন স্থানীয় লোকজন।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, কয়েক দিন ধরে এলাকার বিভিন্ন পরিবারের ছাগল, হাঁস, মুরগি খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ছাড়া রাতের অন্ধকারে অজ্ঞাত প্রাণীর হামলার শিকার হয়েছেন কয়েকজন বাসিন্দা। আজ মেছো বাঘ দুটি ধরা পড়ার পর বিষয়টি স্থানীয় ব্যক্তিদের মধ্যে খোলাসা হয়।

স্থানীয় ইউপি সদস্য নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, চৌকাতলী বেড়িবাঁধের কাছে কয়েকটি ছাগলের খামার রয়েছে। আজ সন্ধ্যা সাতটার দিকে তিনটি মেছো বাঘ একসঙ্গে একটি খামারে থাকা ছাগলের ওপর আক্রমণ করে। এ সময় খামারি এগিয়ে এলে মেছো বাঘগুলো তাঁকেও আক্রমণ করে। কোনোমতে প্রাণ নিয়ে পালিয়ে আসেন খামারি। পরে স্থানীয় লোকজন জড়ো হয়ে দুটি মেছো বাঘকে আটকে ফেলেন। এরপর এনজিও সংস্থা নারী প্রগতির সাইক্লোন শেল্টারে এনে মেছো বাঘ দুটিকে পিটিয়ে মেরে ফেলেন স্থানীয় লোকজন।

উপকূলীয় বন বিভাগের সন্দ্বীপ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, মেছো বাঘ হত্যার কোনো খবর তিনি পাননি। তবু ঘটনাস্থলে লোক পাঠিয়ে বিস্তারিত তথ্য জানবেন। যদি মেছো বাঘ দুটি আহত হয়েও বেঁচে থাকে, তাহলে সেগুলোর চিকিৎসার ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

এ বিষয়ে বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেনকে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি।