ছাত্রকে ধর্ষণের মামলায় মাদ্রাসাশিক্ষক কারাগারে
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় এক মাদ্রাসাছাত্রকে (১০) ধর্ষণের অভিযোগে করা মামলায় মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে ওই ছাত্রের বাবা বাদী হয়ে মামলা করলে ওই রাতেই অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ওই শিক্ষকের নাম মমিনুল ইসলাম ওরফে সুজন (২৭)। তিনি উপজেলার একটি কওমি মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি ওই মাদ্রাসার হোস্টেল তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন। বছর দুয়েক আগে তিনি ওই মাদ্রাসায় যোগ দেন বলে জানা গেছে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, নির্যাতনের শিকার ওই ছাত্রের বাবা নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। এরপর অভিযুক্ত মমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।