ছাত্রদলের দুই কর্মীকে পেটাল ছাত্রলীগ
ছাত্রদলের দুই নেতা-কর্মীকে মারধর করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ নিয়ে গত পাঁচ মাসে তিন দফায় ছাত্রদলের তিনজন নেতা-কর্মীকে মারধর করা হলো। ছাত্রদলের আহত কর্মীরা হলেন ইতিহাস বিভাগের ৪০ ব্যাচের শিক্ষার্থী হুমায়ুন হাবীব এবং একই বিভাগের ৪১ ব্যাচের শিক্ষার্থী আল আমিন।
বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার ২০-দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ায় হুমায়ুন ও আল আমিনকে রাত দেড়টার দিকে ৩৪৭ নম্বর কক্ষে ডেকে পাঠানো হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক আবদুল কাইয়ুমের নির্দেশে তাঁদের ডেকে নিয়ে যান ছাত্রলীগের কর্মী কামরুল হাসান, সৌরভ ও অনীক দেবনাথ। ৩৪৭ নম্বর কক্ষটি ছাত্রলীগের কর্মী এবং ইতিহাস বিভাগের ৩৯ ব্যাচের শিক্ষর্থী শামীম আহমেদের। সেখানে স্ট্যাম্প দিয়ে হুমায়ুনকে মারধর করেন কাইয়ুম এবং আল আমিনকে মারধর করেন রসায়ন বিভাগের ৩৯ ব্যাচের শিক্ষার্থী আসিফ আহাম্মেদ।
পরে রাত দুইটার দিকে হুমায়ুনের বন্ধুরা আহত অবস্থায় তাঁদের দুজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে কাইয়ুম বলেন, ২০-দলীয় জোট আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়ায় তাঁদের মারধর করা হয়েছে।
এর আগে গত ১৯ মার্চ কাইয়ুমের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী বঙ্গবন্ধু হল শাখা ছাত্রদলের আহ্বায়ক রাব্বী হাসানকে মারধর করে হল থেকে বের করে দেন। এ ঘটনার প্রায় এক মাস পর ২১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ছাত্রলীগের তিন কর্মী মিলে রাব্বী হাসানকে আবারও মারধর করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় বারবার এ ধরনের ঘটনা ঘটছে । এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘এ ঘটনার কথা আমিও শুনেছি। কিন্তু লিখিত অভিযোগ না থাকায় কোনো ব্যবস্থা নিতে পারিনি।’