ছাত্রনেতা গ্রেপ্তারের প্রতিবাদে বাঘাইছড়িতে অর্ধদিবস অবরোধ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ইউপিডিএফের সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে সড়ক ও নৌপথে অর্ধদিবস অবরোধ পালন করা হয়েছে। আজ বুধবার সকাল ৬টা থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত।
গতকাল মঙ্গলবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং বাজারে সাজেক থানার পিসিপির সভাপতি রূপায়ণ চাকমাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করে। পরে তাঁকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য সমর বিজয় চাকমা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল রাত সাড়ে ৯টার দিকে পাহাড়ি ছাত্র পরিষদের সাজেক থানা শাখার সদস্য কালো চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাঘাইছড়ি উপজেলায় সড়ক ও নৌপথে অবরোধ ঘোষণা করা হয়।
আজ সকাল ৬টার থেকে বাঘাইছড়ি-দীঘিনালা ও সাজেক দীঘিনালা সড়কে বিভিন্ন স্থানে অবরোধকারীদের পিকেটিং করতে দেখা যায়। তুলাবান করেঙ্গতলী সড়কে তুলাবান এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়। বাঘাইছড়ি–দীঘিনালা সড়কে আট কিলো এলাকায় করেঙ্গাতলী-গঙ্গারাম সড়কে বেশ কিছু স্থানে গাছের গুঁড়ি ফেলেছেন অবরোধকারীরা।
ইউপিডিএফের সাজেক ইউনিয়নের সংগঠক আর্জেন চাকমা বলেন, সকাল ৬টা থেকে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করা হয়। তাঁদের আহ্বানে সাড়া দিয়ে যানবাহনের মালিক ও চালকেরা যান চলাচল বন্ধ রাখেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি বাঘাইছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় রূপায়ণ চাকমাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে বাঘাইছড়ি উপজেলায় অর্ধবেলা অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ। অবরোধে সকাল থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।