ছাত্রলীগ নেতা হত্যায় মামলা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা ইব্রাহীম হোসেন হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে স্থানীয় যুবলীগ নেতা নুরুল ইসলামসহ ১৬ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে। গত শুক্রবার রাতে সদর থানায় এ মামলা করা হয়।

মামলার সত্যতা নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, শুক্রবার রাতেই অভিযান চালিয়ে নয়ন (২৭) ও শাহ আলম (৩২) নামের এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দুজনের বাড়ি শহরের ফুলবাড়ি এলাকায়। এ ছাড়া ঘটনার পর আটক সন্দেহভাজন দুই যুবকের মধ্যে সুনীলকেও (২৪) এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না পেয়ে জিজ্ঞাসাবাদ শেষে জীবনকে (২৫) ছেড়ে দেওয়া হয়েছে।

আছলাম আলী আরও বলেন, প্রধান আসামি নুরুল ইসলাম আত্মগোপন করেছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

রিকশাভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে গত বৃহস্পতিবার দুপুরে সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে শহরের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম এবং তাঁর সহযোগীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় নুরুলের নেতৃত্বে তাঁর সহযোগীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন হন কলেজের বাংলা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র ও ছাত্রলীগের বাংলা বিভাগ শাখার সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন। তাঁর বাড়ি কাহালু উপজেলার লহড়াপাড়া গ্রামে।

পুলিশের ভাষ্যমতে, ইব্রাহীম হত্যার মূল হোতা নুরুল ইসলাম শহরের চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে বালুদস্যুতা, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় একাধিক মামলা রয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের পর পুলিশের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ এনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেনকে প্রত্যাহার এবং খুনিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল জেলা ছাত্রলীগ। তবে সংগঠনটি নতুন করে আর কোনো কর্মসূচি দেয়নি।