চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পছন্দের প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানকে প্রায় ৮০ কোটি টাকার দুটি দরপত্রের ফরম কিনতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে ছাত্রলীগেরই আরেকটি পক্ষ। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের অবরোধ ডেকেছে তারা।
অবরোধ ডাকার বিষয়টি গতকাল রোববার সন্ধ্যায় প্রথম আলোকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মো. রাশেদ হোসেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি এক জোট হয়ে তাঁদের অনুসারী নেতা-কর্মীদের দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর অবরুদ্ধ করে রেখেছেন। তাঁরা নিজেদের পছন্দের প্রতিষ্ঠান ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলোকে শিডিউল (দরপত্রের ফরম) কিনতে দিচ্ছেন না। কেউ শিডিউল কিনতে গেলে তাঁরা অস্ত্র দেখিয়ে ভয় দেখাচ্ছেন ও শিডিউল ছিঁড়ে ফেলছেন। এ বিষয়টি রেজিস্ট্রার ও প্রক্টরকে জানিয়েছেন তাঁরা। এ অন্যায় কাজের প্রতিবাদে সোমবার থেকে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু প্রথম আলোকে বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি ব্যতীত কেউ অবরোধের ডাক দিতে পারেন না। যাঁরা অবরোধের ডাক দিয়েছেন তাঁরা সংগঠনবিরোধী কাজ করেছেন। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
একজন ঠিকাদার নাম না প্রকাশের শর্তে গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমার প্রতিষ্ঠানের নামে শিডিউল কিনতে দেওয়া হচ্ছে না। অন্য এক ঠিকাদারের শিডিউল ছিঁড়ে ফেলা হয়েছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কামরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের একটি অংশের নেতারা আমার কাছে অভিযোগ করেছিল যে, প্রকৌশল দপ্তর অবরুদ্ধ করে রাখা হয়েছে। পরে আমি বিষয়টি খতিয়ে দেখেছি। অভিযোগ সত্য নয়। অবশ্য রাস্তায় কিছু ঘটলে তা আমি বলতে পারব না।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, ‘মুষ্টিমেয় দু-চারজন দুষ্কৃতকারী টেন্ডারবাজিতে জড়িত। ওরা আবার অবরোধের ডাক দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করছে। অবরোধ কর্মসূচির সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।’
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. আবু সাঈদ হোসেন বলেন, কলা অনুষদের নতুন ভবন নির্মাণের দ্বিতীয় পর্যায়ের কাজ এবং জননেত্রী শেখ হাসিনা হলের দ্বিতীয় পর্যায়ের ভবন নির্মাণের জন্য ১৮ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করা হয়। কলা অনুষদ নির্মাণকাজের দর ৬০-৭০ কোটি টাকা এবং আবাসিক ভবনের নির্মাণকাজের দর ১৫-২৫ কোটি টাকা। ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দরপত্র কেনা যাবে।
ছাত্রলীগের এক পক্ষের ডাকা অবরোধের বিষয়টি শোনেননি বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।