ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় তিন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। গত সোমবার রাতে হাটহাজারী থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর গতকাল মঙ্গলবার তাঁদের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও সোহরাওয়ার্দী হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় চারুকলা ইনস্টিটিউটের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মোফাজ্জল হায়দার, পদার্থবিদ্যা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের নিয়াজ আবেদীন পাঠান ও ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলামের নামে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। এদের মধ্যে মোফাজ্জাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মনছুর আলমের অনুসারী। বাকি দুজন বিলুপ্ত কমিটির উপসাহিত্য সম্পাদক ইমাম উদ্দিন ফয়সালের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

মামলার বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাংগীর প্রথম আলোকে বলেন, ‘আবাসিক হল থেকে তল্লাশি চালিয়ে নয়জনকে আটক করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে।’

জানতে চাইলে বিলুপ্ত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মনছুর আলম প্রথম আলোকে বলেন, মোফাজ্জল হায়দার নিরপরাধ। তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।

 বিলুপ্ত কমিটির উপসাহিত্য সম্পাদক ইমাম উদ্দিন ফয়সাল প্রথম আলোকে বলেন, ‘তাঁরা দুজনই নিরপরাধ। তাঁদের কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি। ষড়যন্ত্র মূলকভাবে তাঁদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।’