জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের এক পক্ষের ওপর অপর পক্ষের হামলার ঘটনায় ছাত্রলীগের ১৬ নেতা-কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ওই ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
হামলার ঘটনায় বহিষ্কৃত ১৬ জনকে আসামি করে গতকাল শুক্রবার রাতে আশুলিয়া থানায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গণশিক্ষাবিষয়ক সম্পাদক সোহেল রানা মামলাটি করেছেন বলে জানিয়েছেন থানার ওসি বদরুল আলম।
বহিষ্কৃত ১৬ জন হলেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক ইসতেহাদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক কে এম নুরুন নবী, মওলানা ভাসানী হল শাখার সাধারণ সম্পাদক অনিন্দ্য বাড়ৈ, ছাত্রলীগের কর্মী ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের মো. একতে খায়রুজ্জামান, মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের খন্দকার নইম-উল ইসলাম, একই বিভাগের দ্বিতীয় বর্ষের তানভীর সজীব, মো. আদেল আল নোমান, কাজী রায়হান হাবীব, পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের কিশোর দাশ ও শিহাব খন্দকার ওরফে শিহাব, উদ্ভিদবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের সাদ্দাম হোসেন ও দ্বিতীয় বর্ষের শাকিল উজ্জামান, নৃ-বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের এম মাঈনুল হোসাইন, পরিবেশবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শান্ত কুমার নাথ ও দ্বিতীয় বর্ষের রাজ প্রশাদ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. নিশাত রহমান।
হামলার ঘটনা তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতারকে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বুধবার রাতে মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা চলায়। সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা সভাপতি পক্ষের ওপর ওই হামলা চালান বলে অভিযোগ পাওয়া যায়।