ছাত্রলীগের হামলায় বগুড়ায় ছাত্রদলের প্রতীকী অনশন পণ্ড
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে বগুড়ায় ছাত্রদলের প্রতীকী অনশন ছাত্রলীগের হামলায় পণ্ড হয়ে গেছে। আজ মঙ্গলবার এই ঘটনা ঘটে।
মঙ্গলবার বেলা সোয়া একটার দিকে বগুড়া শহরের শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এ সময় পুলিশও ছাত্রলীগের পক্ষ নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের লাঠিপেটা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অনশন কর্মসূচি পণ্ড হয়ে যায়।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা প্রতীকী অনশন শুরু করেন। এতে বগুড়া জেলা ছাত্রদলের নেতারা ছাড়াও ছাত্রদলের সরকারি আজিজুল হক কলেজ শাখা, সরকারি শাহ সুলতান কলেজ শাখা ও বগুড়া শহর ও সদর উপজেলা শাখার নেতা-কর্মীরা অংশ নেন।
ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, বেলা তিনটা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালনের কথা ছিল। বেলা সোয়া একটার দিকে জোহরের নামাজের বিরতি ঘোষণা করা হয়। এ সময় জেলা ছাত্রলীগের একদল নেতা-কর্মী ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে লাঠিসোঁটা নিয়ে শহীদ মিনারে অনশনরত ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা করেন। ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা প্রতিরোধ করার চেষ্টা করলে পুলিশ ছাত্রলীগের পক্ষ নিয়ে তাঁদের পিটুনি দিলে অনশন কর্মসূচি পণ্ড হয়ে যায়।
পরে বেলা দুইটার দিকে শহরের নওয়াব বাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে জেলা ছাত্রদল। এতে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী বক্তৃতা করেন।
জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অনশন করছিলাম। কিন্তু ছাত্রলীগ কর্মসূচিতে বাধা দিয়েছে। পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে। এতে ৬-৭ জন নেতা-কর্মী আহত হয়েছেন। শান্তিপূর্ণ এমন কর্মসূচিতে ছাত্রলীগের হামলা ও পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা জানাচ্ছি।’
হামলার বিষয়ে জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির প্রচার সম্পাদক মুকুল হোসেন বলেন, ‘শহীদ মিনারে অনশনরত ছাত্রদলের নেতা-কর্মীরা উসকানিমূলক স্লোগান দিতে থাকেন। উসকানিমূলক স্লোগান দিতে বিরত থাকতে বললে তাঁরা ছাত্রলীগের নেতা-কর্মীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা এক জোট হয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ধাওয়া দেন। ধাওয়া খেয়ে তাঁরা শহীদ খোকন পার্ক থেকে নওয়াব বাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ে আশ্রয় নেন। পরে ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে মিছিলসহ আমরা সাতমাথায় দলীয় কার্যালয়ে ফিরে আসি।’
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, পুলিশ কোনো লাঠিপেটা করেনি। ছাত্রদল শহীদ মিনারে অনশন করতে গিয়ে ছাত্রলীগের সঙ্গে সহিংসতায় জড়িয়েছিল। পুলিশ সহিংসতা থামাতে ছাত্রদলকে দলীয় কার্যালয়ে সরিয়ে দিয়েছে। সেখানেও ছাত্রলীগ আক্রমণের চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।