ছাত্রাবাসে অসুস্থ, হাসপাতালে মৃত্যু রুয়েটের শিক্ষার্থীর
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী মারা গেছেন। গতকাল রোববার দিবাগত রাত সোয়া একটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থী মারা যান।
ওই শিক্ষার্থীর নাম মাসুরুর মুহিত (২৩)। তিনি রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী গ্রামে। মাসুরুর নগরের মতিহার থানাধীন তালাইমারী এলাকার একটি ছাত্রাবাসে থাকতেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রাত সোয়া আটটার দিকে ছাত্রাবাস থেকে অসুস্থ অবস্থায় মাসুরুরকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া একটার দিকে তিনি মারা যান। অ্যালকোহল পানে মাসুরুরের মৃত্যু হয়েছে বলে তাঁর মৃত্যুসনদে উল্লেখ করা হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী বলেন, ওই শিক্ষার্থী অতিরিক্ত মদ্যপানে নাকি ভেজাল মদ খেয়ে মারা গেছেন, সেটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তাঁর মৃত্যুসনদে লেখা হয়েছে, অ্যালকোহল পানে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বিষয়টি নিশ্চিত করে বলা যাবে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে।
এর আগে গতকাল ভোররাত চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাজশাহীর কাটাখালী পৌরসভার সমসাদিপুর গ্রামের আসাদুল হক (২২) নামের এক যুবকের মৃত্যু হয়। তাঁর মৃত্যুসনদেও লেখা হয়েছে, অ্যালকোহল পানে তাঁর মৃত্যু হয়েছে।